দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ১০ নম্বর হরিরামপুর ইউনিয়নের রসুলপুর মোড়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে হাঁটুসমান জলাবদ্ধতা। খোলাহাটি ক্যান্টনমেন্ট–বদরগঞ্জ–পার্বতীপুর সংযোগ সড়কের গুরুত্বপূর্ণ এই অংশে পানি জমে থাকায় প্রতিদিন হাজারো পথচারী, শিক্ষার্থী, মোটরসাইকেল আরোহী ও যানবাহনের চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘদিন ধরে চলা এ সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সরেজমিনে দেখা যায়, মোড়ে একটি ড্রেন থাকলেও সেটি কার্যকরভাবে পানি নিষ্কাশন করতে পারছে না। ভারী ট্রাক চলাচলের কারণে ড্রেনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি সড়কের দুই পাশে ব্যক্তিমালিকানাধীন জমিতে মাটি ভরাট করে উঁচু করে বাড়িঘর নির্মাণ করায় প্রাকৃতিক পানি নিষ্কাশনের পথ প্রায় বন্ধ হয়ে গেছে। ফলে সামান্য বৃষ্টিতেই সড়কে হাঁটুসমান পানি জমে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, একসময় এই সড়কের পাশ দিয়েই বৃষ্টির পানি সহজে নিচু জমিতে নেমে যেত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে রাস্তার দুই পাশে মাটি ভরাট ও অপরিকল্পিতভাবে বাড়িঘর নির্মাণের কারণে পানি প্রবাহের স্বাভাবিক পথ বন্ধ হয়ে যায়। এখন বৃষ্টির পানি নামার কোনো সুযোগ না থাকায় তা সড়কের ওপর জমে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি করছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, বৃষ্টি হলেই দোকানের সামনে পানি জমে যায়। এতে ক্রেতাদের যাতায়াতে বিঘ্ন ঘটে এবং ব্যবসায়ও নেতিবাচক প্রভাব পড়ে। অন্যদিকে পথচারীরা কাদা ও পানির মধ্যে চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন।
এক ভুক্তভোগী বাসিন্দা বলেন, “নিয়ম-নীতির তোয়াক্কা না করে রাস্তার দুই পাশে মাটি ভরাট ও স্থাপনা নির্মাণ করা হয়েছে। এতে সাধারণ মানুষই সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”
স্থানীয়দের অভিযোগ, হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম সোহাগ নিজস্ব অর্থায়নে পানি নিষ্কাশনের জন্য পাইপ বসানোর উদ্যোগ নিয়েছিলেন। তবে পাইপ স্থাপনের নির্ধারিত স্থানে জমির মালিকের আপত্তির কারণে সেই উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হয়নি। ফলে সমস্যাটি এখনো অমীমাংসিত রয়ে গেছে।
এ বিষয়ে স্থানীয়রা বলেন, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সংশ্লিষ্ট ভূমির মালিক, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত উদ্যোগে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
এলাকাবাসীর দাবি, ক্ষতিগ্রস্ত ড্রেন দ্রুত সংস্কার, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ, পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ উন্মুক্ত রাখা এবং সড়কটি সংস্কারের মাধ্যমে দীর্ঘদিনের এ জলাবদ্ধতার স্থায়ী সমাধান করা হোক। তাদের আশঙ্কা, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে বর্ষা মৌসুমে জনদুর্ভোগ আরও বাড়বে এবং গুরুত্বপূর্ণ এই সড়কের ক্ষয়ক্ষতিও বৃদ্ধি পাবে।
মতামত