দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি. নং রাজ-১১৬৭)-এর আসন্ন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মোন্নাফ মুকুল।
শনিবার (২৫ জুলাই ২০২৬) বিকেলে দিনাজপুর শহরের সুইহারী এলাকায় ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোঃ আব্দুল মোন্নাফ মুকুল।
দায়িত্ব গ্রহণ শেষে বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার মোঃ. আব্দুল মোন্নাফ মুকুল বলেন, আগামী ৫ সেপ্টেম্বর ২০২৬ (শনিবার) নির্বাচনের সম্ভাব্য তারিখ। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবে। তিনি নির্বাচনী কার্যক্রমে সকল প্রার্থী, শ্রমিক নেতা ও সদস্যদের সহযোগিতা কামনা করেন।
সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ও দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, সমাজসেবক শহিদুল ইসলাম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য এ্যাডভোকেট ফিরোজ ইব্রাহিম,জেলা বিএনপি'র প্রচার সম্পাদক বাবু চৌধুরী, জেলা যুবদলের আহ্বায়ক এ.কে.এম. মাসুদুল ইসলাম মাসুদ। এছাড়াও উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক মোঃ আব্দুল কাইয়ুম, যুগ্ম আহ্বায়ক শওকত হোসেন তোতাসহ আহ্বায়ক কমিটির সদস্য, নির্বাচন কমিটির সদস্য এবং সংগঠনের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।
সভায় আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন প্রস্তুতি, নির্বাচনী আচরণবিধি এবং সার্বিক আয়োজন নিয়ে আলোচনা করা হয়। বক্তারা একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।
মতামত