নোয়াখালীর সেনবাগে ফেসবুকে নিখোঁজ বিজ্ঞপ্তি প্রকাশের চার দিন পর আবুল কাশেম (৫৮) নামে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।
সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় সেনবাগ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিন্নাগুনি গ্রামের ফজল মুন্সিবাড়ির পশ্চিম পাশে, সেনবাগ কেন্দ্রীয় জামে মসজিদের পাবলিক টয়লেটের চলাচলের রাস্তার পাশের একটি ময়লার ডোবায় মরদেহটি ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। দুর্গন্ধ ছড়িয়ে পড়লে তারা বিষয়টি সেনবাগ থানা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি উদ্ধার করে।
নিহত আবুল কাশেম সেনবাগ উপজেলার ৪ নম্বর কাদরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চাঁদপুর গ্রামের রমিজ উদ্দিন ভূঁইয়া বাড়ির মৃত নুর মিয়ার ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই অসুস্থ অবস্থায় সেনবাগ সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলেন আবুল কাশেম। ওই দিন সকাল থেকে তিনি নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে ব্যাপক খোঁজাখুঁজি চালিয়েও তাঁর কোনো সন্ধান পাননি।
পরে গত ২৫ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁর নিখোঁজ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপরও কোনো খোঁজ না মেলায় সোমবার সকালে সেনবাগ পৌরসভা ও বাজার এলাকায় মাইকিং করে তাঁর সন্ধান চাওয়া হয়। কিন্তু একই দিন সন্ধ্যায় ময়লার ডোবা থেকে তাঁর অর্ধগলিত মরদেহ উদ্ধার হয়।
স্থানীয়দের ভাষ্য, ময়লার বাগাড় থেকে তীব্র দুর্গন্ধ বের হতে দেখে তারা ঘটনাস্থলে গিয়ে একটি মরদেহ ভাসতে দেখেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রহিম সরকার জানান, আবুল কাশেম কয়েকদিন আগে নিখোঁজ হন। সোমবার সন্ধ্যায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং মৃত্যুর রহস্য উদ্ঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।
মতামত