বান্দরবানের আলীকদম উপজেলায় বন্যাকবলিত ও ক্ষতিগ্রস্ত সদস্যদের মাঝে ২৫ লাখ ৮৩ হাজার টাকার নগদ আর্থিক সহায়তা বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা (আশা-এনজিও)।
বুধবার (২৯ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার ১নং আলীকদম সদর ইউনিয়নের বাজারপাড়ায় অবস্থিত আশা আলীকদম উপজেলা শাখা কার্যালয়ে এ সহায়তা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
আশা কর্তৃপক্ষ জানায়, আলীকদম শাখার ৯৮টি দলের মোট ২ হাজার ৫৮৩ জন সদস্যের জন্য জনপ্রতি ১ হাজার টাকা করে মোট ২৫ লাখ ৮৩ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রথম ধাপে উপজেলা কার্যালয় থেকে ১০০ জন সদস্যের হাতে নগদ সহায়তা তুলে দেওয়া হয়। বাকি সদস্যদের নিজ নিজ কেন্দ্রের মাধ্যমে পর্যায়ক্রমে এ অর্থ বিতরণ করা হবে।
এছাড়া ক্ষতিগ্রস্ত সদস্যরা তাদের সঞ্চয় স্কিমে জমাকৃত অর্থ সম্পূর্ণ উত্তোলনের সুযোগ পাবেন। অধিক ক্ষতিগ্রস্ত সদস্যদের পুনর্বাসনের লক্ষ্যে বিশেষ পুনর্বাসন ঋণ প্রদানের পরিকল্পনাও নেওয়া হয়েছে। আগামী সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ক্ষতিগ্রস্ত সদস্যদের ঋণের কিস্তি আদায় স্থগিত থাকবে। তবে কেউ স্বেচ্ছায় কিস্তি পরিশোধ করতে চাইলে তা গ্রহণ করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা কৃষি কর্মকর্তা ও সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক জনাব সোহেল রানা, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং আশা'র কর্মকর্তারা।
উপস্থিত সদস্যরা বলেন, দুর্যোগের এ কঠিন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আশা মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
মতামত