দিনাজপুর পৌরসভার আয়োজনে ‘নাগরিক ভাবনা আমাদের করণীয়’ শীর্ষক এক মুক্ত আলোচনা ও মতবিনিময় সভা বুধবার (২৯ জুলাই) সকাল ১০টা ৩০ মিনিটে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সভায় পৌর এলাকার বিভিন্ন নাগরিক সমস্যা তুলে ধরে পৌরবাসী সড়ক সংস্কার, ফুটপাত দখলমুক্ত করা, আবর্জনার ডাস্টবিন সংস্কার, সড়ক বাতি স্থাপন ও রক্ষণাবেক্ষণ, রাস্তার বেহাল দশা নিরসন, আবর্জনা বহনকারী গাড়ি সংস্কার, ইজিবাইক নিয়ন্ত্রণ এবং বিল্ডিং কোড বাস্তবায়নসহ নানা বিষয়ে অভিযোগ ও দাবি জানান।
পৌরসভার প্রশাসক শেখ হাফিজুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনদিনাজপুর ৩আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রফিকুল আলম, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মোঃ গোলাম রসুল রাখি, উপজেলা নির্বাহী কর্মকর্তা সদর তমালিকা পাল, চেম্বার অব কমার্সের সভাপতি আবু বক্কর সিদ্দিক, শহর জামায়াতের আমীর সিরাজুস সালেহীন, সাবেক মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডার মোকসেদ আলী মঙ্গলীয়া এবং দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান।
মুক্ত আলোচনায় বক্তব্য দেন পৌরসভার সাবেক প্যানেল মেয়র একে এম মাসুদুল ইসলাম মাসুদ, কোতয়ালী বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ আহম্মেদ, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আহমেদ শফি রুবেল, সাবেক শিক্ষক শফিকুল ইসলাম, সাবেক কাউন্সিলর কাজী আশরাফুজ্জামান বাবু, পৌরবাসী তাজিমুল হক লিটন এবং জেলা বিএনপির সহ-সভাপতি সোলায়মান মোল্লা।
বক্তারা বলেন, দিনাজপুর পৌর এলাকার নাগরিক সেবার মানোন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। বিশেষ করে যানজট নিয়ন্ত্রণ, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং বিল্ডিং কোড কঠোরভাবে বাস্তবায়নের দাবি জানান তারা।
সভাপতির বক্তব্যে পৌরসভার প্রশাসক শেখ হাফিজুর রহমান বলেন, পৌরবাসীর অভিযোগ ও পরামর্শ গুরুত্বসহকারে বিবেচনা করা হবে। নাগরিকদের অংশগ্রহণের মাধ্যমে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও পরিকল্পিত পৌর এলাকা গড়ে তুলতে পৌরসভা কাজ করে যাচ্ছে।
সভা শেষে পৌর এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
মতামত