নেত্রকোনার মোহনগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে প্রেম, আর সেই সম্পর্কের পরিণতি হিসেবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এক বাংলাদেশি তরুণী ও চীনা যুবক।
মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর এলাকার বাসিন্দা নাজমিন আক্তার লিজা (২০) ও চীনের লুবেই প্রদেশের লুরাং শহরের বাসিন্দা ওয়্যাং সুলিন (৩০) সম্প্রতি বিয়ে করেছেন। বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করেন ওয়্যাং সুলিন। ধর্ম গ্রহণের পর তাঁর নতুন নাম রাখা হয়েছে মো. নুর উদ্দিন।
পারিবারিক সূত্রে জানা গেছে, লিজা মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর এলাকার বাসিন্দা ও ফার্নিচার ব্যবসায়ী মো. নাজিম উদ্দিনের মেয়ে। তিনি মোহনগঞ্জ সরকারি কলেজের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। নাজিম উদ্দিনের পৈতৃক বাড়ি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার ভাটগাঁও গ্রামে হলেও দীর্ঘদিন ধরে তিনি মোহনগঞ্জে বসবাস করছেন।
অন্যদিকে চীনা নাগরিক ওয়্যাং সুলিন লুরাং শহরের বাসিন্দা। তিনি চীনে তাঁর ভাইয়ের সঙ্গে যৌথভাবে রেস্তোরাঁ ব্যবসা পরিচালনা করেন।
জানা গেছে, প্রায় দুই মাস আগে ফেসবুকের মাধ্যমে লিজা ও ওয়্যাং সুলিনের পরিচয় হয়। ধীরে ধীরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন এবং বিষয়টি নিজ নিজ পরিবারকে জানান। উভয় পরিবারের সম্মতিতেই বিয়ের আনুষ্ঠানিকতা এগিয়ে নেওয়া হয়।
এরপর গত ১৮ জুলাই চীন থেকে বাংলাদেশে আসেন ওয়্যাং সুলিন। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লিজার পরিবারের সদস্যরা তাঁকে স্বাগত জানিয়ে মোহনগঞ্জে নিয়ে আসেন।
পরে ২১ জুলাই ইসলাম ধর্ম গ্রহণ করেন ওয়্যাং সুলিন। একই দিনে আইনজীবীর মাধ্যমে অ্যাফিডেভিট সম্পন্ন করে লিজার সঙ্গে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। আগামী শুক্রবার (৩১ জুলাই) মোহনগঞ্জে পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিক অনুষ্ঠান করার প্রস্তুতি চলছে। এ উপলক্ষে কনের বাড়ির সামনে মঞ্চ তৈরির কাজ চলছে এবং আত্মীয়স্বজনদের মধ্যে আমন্ত্রণপত্র বিতরণ করা হচ্ছে।
তবে বিদেশি পাত্রের সঙ্গে বিয়ের বিষয়ে কোনো ধরনের অনিশ্চয়তা এড়াতে শুরু থেকেই সতর্ক ছিল লিজার পরিবার। সম্প্রতি বিদেশি বিয়েকে কেন্দ্র করে প্রতারণার বিভিন্ন ঘটনা সামনে আসায় তাঁরা বিষয়টি ভালোভাবে যাচাই-বাছাই করেন।
লিজার বাবা মো. নাজিম উদ্দিন বলেন, “ছেলের পরিবার ও স্বজনদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি চীনা দূতাবাসেও খোঁজ নিয়েছি। সব তথ্য যাচাই করে নিশ্চিত হওয়ার পর পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। বিষয়টি স্থানীয় সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরকেও জানিয়েছিলাম। তিনিও খোঁজ নিয়ে তাঁদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।”
তিনি আরও জানান, বিয়ের আনুষ্ঠানিকতা শেষে ওয়্যাং সুলিন চীনে ফিরে প্রয়োজনীয় কাগজপত্র ও ভিসার প্রক্রিয়া সম্পন্ন করে লিজাকে নিয়ে যাবেন।
এদিকে চীনা জামাইয়ের আগমনে মোহনগঞ্জের দৌলতপুর এলাকায় তৈরি হয়েছে উৎসবের আমেজ। স্থানীয় অনেকেই নবদম্পতিকে দেখতে এবং তাঁদের সঙ্গে ছবি তুলতে কনের বাড়িতে ভিড় করছেন।
স্থানীয় বাসিন্দা হাফিজুর রহমান বলেন, “বিদেশি বিয়েকে ঘিরে বিভিন্ন ধরনের প্রতারণার খবর থাকায় শুরুতে কিছুটা উদ্বেগ ছিল। তবে মেয়ের পরিবার সবকিছু যাচাই করে সিদ্ধান্ত নিয়েছে। আমরা তাঁদের সুখী জীবন কামনা করি।”
মতামত