পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন (বিএসএফআইসি) জিয়া পরিষদের উদ্যোগে পঞ্চগড় চিনিকলে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টায় পঞ্চগড় চিনিকল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. আতিকুজ্জামান। ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে একটি আমগাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএসএফআইসি জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আবু রায়হান, জেনারেল ম্যানেজার (অর্থ) মো. খোরশেদ আলম খন্দকার, ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার (কৃষি) মো. ফরিদুল আলম, ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার (কারখানা) শিল্পী খাতুন, ঠাকুরগাঁও সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপক (উৎপাদন) মো. হাসানুজ্জামানসহ পঞ্চগড় চিনিকলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা।
বক্তব্যে মো. আবু রায়হান বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সরকারি উদ্যোগের পাশাপাশি দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানোর আহ্বান জানান। একই সঙ্গে তিনি রোপিত গাছের নিয়মিত পরিচর্যার ওপরও গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষপর্বে অতিথিরা মিল প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন এবং পরিবেশ রক্ষায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।
মতামত