নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে লামিয়া আক্তার (১১) নামে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের ধুলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লামিয়া ওই গ্রামের মোহাম্মদ বিদ্যা মিয়ার মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির সামনে থাকা পুকুরে গোসল করতে যায় লামিয়া। দীর্ঘ সময় পার হলেও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা পুকুরে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন।
পরে তাকে দ্রুত মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মতামত