দিনাজপুর জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০২৬-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) বিকেল ৫টায় দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দানে এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. হাবিবুল হাসান। সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. ফাহিম মাসউদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল আলম।
বাংলাদেশ বেতার রংপুরের সংবাদ পাঠক মুনিরা শাহনাজ চৌধুরীর সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক মোহাম্মদ তানভীর ইসলাম নাহিদ, দিনাজপুর সদর রেঞ্জ কর্মকর্তা মো. মাসুদ রানাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং অতিথিবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধিতে ব্যাপক বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তারা সকলকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো এবং সেগুলোর পরিচর্যা করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষপর্বে বৃক্ষ মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টলের মধ্যে সেরা তিনটি স্টলের প্রতিনিধিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
এছাড়াও বৃক্ষ মেলা উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সমাপনী অনুষ্ঠানে মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠান, শিক্ষার্থী ও দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
মতামত