দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ১০ নম্বর হরিরামপুর ইউনিয়নে দীর্ঘদিন ধরে চলমান ভয়াবহ লোডশেডিংয়ে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১৬ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না। ফলে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দিনের অধিকাংশ সময় বিদ্যুৎ না থাকায় ঘরোয়া কাজ থেকে শুরু করে শিক্ষা, কৃষি ও ব্যবসা-বাণিজ্য—সব ক্ষেত্রেই মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে। সন্ধ্যার পর দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারছে না। সামনে বিভিন্ন পাবলিক পরীক্ষা থাকায় অভিভাবকরাও উদ্বেগ প্রকাশ করেছেন।
অতিরিক্ত গরমে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন। অনেক এলাকায় বৈদ্যুতিক পাম্প চালানো সম্ভব না হওয়ায় বিশুদ্ধ পানির সংকটও দেখা দিয়েছে। বিদ্যুৎ না থাকায় মোবাইল চার্জিং, ইন্টারনেট ব্যবহার, কম্পিউটার সেবা, ফটোকপি ও অন্যান্য বিদ্যুৎনির্ভর ক্ষুদ্র ব্যবসা বারবার বন্ধ হয়ে যাচ্ছে। এতে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।
হরিরামপুর ইউনিয়নের কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, দিনের পর দিন একই পরিস্থিতি চললেও স্থায়ী সমাধানের কোনো উদ্যোগ চোখে পড়ছে না। তারা দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানান। পরিস্থিতির উন্নতি না হলে বৃহত্তর শান্তিপূর্ণ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও সতর্ক করেন স্থানীয়রা।
এ বিষয়ে বক্তব্য জানতে পার্বতীপুর পল্লী বিদ্যুতের দায়িত্বপ্রাপ্ত এজিএমের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
পরবর্তীতে পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এলাকায় বিদ্যুতের চাহিদা তুলনামূলক বেশি। বিশেষ করে শিল্পাঞ্চল হওয়ায় অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে। চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ কম থাকায় লোডশেডিং দেওয়া হচ্ছে। পরিস্থিতি উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে তিনি জানান।
তবে স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে একই ধরনের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে পরিস্থিতির কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। তাদের মতে, বিদ্যুৎ সংকটের কারণে শিক্ষা, কৃষি, স্বাস্থ্যসেবা, ব্যবসা-বাণিজ্য ও স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
এ অবস্থায় হরিরামপুর ইউনিয়নের বাসিন্দারা দ্রুত বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ বৃদ্ধি, প্রয়োজনীয় অবকাঠামোর উন্নয়ন এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিদ্যুৎ বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয়দের ভাষায়, “বিদ্যুৎ এখন আমাদের মৌলিক প্রয়োজন। দিনের পর দিন এমন ভয়াবহ লোডশেডিং কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি দিতে বাধ্য হব।”
মতামত