বান্দরবান সদর হাসপাতালে হামে আক্রান্ত দুই সন্তানের সেবা করতে গিয়ে নিজেও অসুস্থ হয়ে পড়েন লেংরুং ম্রো (২৬)। পরে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবার ও স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে হামে আক্রান্ত দুই সন্তানকে চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে দিন-রাত সন্তানদের সেবাযত্নে নিয়োজিত ছিলেন মা লেংরুং ম্রো। একপর্যায়ে তিনিও অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে তার মৃত্যু হয়।
হাসপাতাল ও স্থানীয় সূত্র জানায়, দুর্গম পাহাড়ি এলাকায় স্বাস্থ্যসেবা গ্রহণে নানা সীমাবদ্ধতা এবং সচেতনতার অভাবের কারণে হামের মতো সংক্রামক রোগ অনেক সময় জটিল আকার ধারণ করে। দরিদ্র এই পরিবারটির ক্ষেত্রেও এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে স্থানীয়দের দাবি।
চিকিৎসকদের মতে, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। সময়মতো চিকিৎসা ও প্রয়োজনীয় পরিচর্যার অভাবে বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এটি মারাত্মক জটিলতা সৃষ্টি করতে পারে। একই সঙ্গে রোগীর সেবাযত্নকারীদেরও সংক্রমণের ঝুঁকি থাকে। তাই আক্রান্ত ব্যক্তির পরিচর্যার পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলা এবং টিকাদান নিশ্চিত করা জরুরি।
লেংরুং ম্রোর মৃত্যুতে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের আবহ বিরাজ করছে। মায়ের মৃত্যুতে দুই শিশু অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি হয়েছে। স্থানীয় সচেতন মহল ও জনপ্রতিনিধিরা পরিবারটির পাশে দাঁড়ানো, শিশু দুটির সুচিকিৎসা এবং পুনর্বাসনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
মতামত