বান্দরবানের আলীকদম উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০টি পরিবারের মাঝে সাত দিনের খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী এবং নগদ অর্থ বিতরণ করেছে ব্র্যাক ও ব্র্যাক ব্যাংক।
দুর্যোগ-পরবর্তী পুনর্বাসনের অংশ হিসেবে আয়োজিত এ সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কক্সবাজার অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ জসিম উদ্দিন।
অনুষ্ঠানে ব্র্যাক আলীকদম শাখার কর্মকর্তা-কর্মচারী, ব্র্যাক ব্যাংকের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা জানান, আকস্মিক বন্যার শুরু থেকেই উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ব্র্যাক জরুরি ত্রাণ কার্যক্রম পরিচালনা করে আসছে। পরবর্তীতে ক্ষতিগ্রস্ত পরিবারের দীর্ঘমেয়াদি পুনর্বাসনের লক্ষ্যে ব্র্যাক ও ব্র্যাক ব্যাংকের বিশেষ অনুদানে এ সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারকে প্রায় ৪ হাজার ৫০০ টাকা মূল্যের সাত দিনের খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর প্যাকেজ এবং সবজি ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য ১ হাজার টাকা নগদ প্রদান করা হয়। ফলে প্রতিটি পরিবার মোট প্রায় ৫ হাজার ৫০০ টাকার সহায়তা পেয়েছে।
সহায়তা প্যাকেজে ছিল ১৪ কেজি চাল, ২ লিটার ভোজ্য তেল, ২ কেজি মসুর ডাল, ২ কেজি চিড়া, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ২ কেজি মটর ডাল, ১ কেজি সুজি, ১ কেজি বিস্কুট, ১ কেজি পেঁয়াজ, ১০টি ওআরএস (খাবার স্যালাইন) এবং ৫ লিটার বিশুদ্ধ পানি।
প্রধান অতিথি সাইফুল ইসলাম রিমন বলেন, দুর্যোগ-পরবর্তী পুনর্বাসনে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্র্যাক ও ব্র্যাক ব্যাংকের এ উদ্যোগ ক্ষতিগ্রস্ত মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের স্বাভাবিক জীবনে ফিরতে সহায়ক হবে।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, মানবিক সহায়তা ব্র্যাকের সামাজিক দায়বদ্ধতার অংশ। দুর্যোগের শুরু থেকে ত্রাণ, পুনর্বাসন ও জীবিকা পুনর্গঠনে ব্র্যাক কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
সহায়তা গ্রহণকারী পরিবারগুলো জানায়, বন্যায় ঘরবাড়ি, কৃষিজমি ও আয়ের উৎস ক্ষতিগ্রস্ত হওয়ায় তারা চরম সংকটে পড়েছিল। এ খাদ্যসামগ্রী ও নগদ সহায়তা তাদের তাৎক্ষণিক দুর্ভোগ লাঘবের পাশাপাশি নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহস জুগিয়েছে।
মতামত