দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ১ নম্বর এলুয়াড়ী ইউনিয়নে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে উপকারভোগীদের কাছ থেকে নির্ধারিত মূল্যের বাইরে অতিরিক্ত ৫০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে দুই ডিলারের বিরুদ্ধে।
অভিযোগ অনুযায়ী, জলপাইতলী বাজারের ডিলার মো. মোস্তাফিজার রহমান এবং লালদিঘী বাজারের ডিলার মো. মোতালেব হোসেন চাল বিতরণের সময় উপকারভোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নিয়েছেন বলে দাবি করেছেন একাধিক ভুক্তভোগী।
এ বিষয়ে এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মাওলানা নবিউল ইসলাম বলেন, "খাদ্যবান্ধব কর্মসূচির উপকারভোগীদের কাছ থেকে এভাবে অতিরিক্ত অর্থ নেওয়ার কোনো বিধান বা সুযোগ নেই। অভিযোগের সত্যতা পাওয়া গেলে এর প্রতিকার হওয়া উচিত।"
অভিযোগের বিষয়ে এক ডিলারের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, "নতুন কার্ড ইস্যু করার জন্য চা-নাস্তার খরচ হিসেবে এই টাকা নেওয়া হচ্ছে।"
এদিকে, স্থানীয় বাসিন্দারা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট ডিলারদের ডিলারশিপ বাতিলের দাবি জানিয়েছেন।
মতামত