আলীকদম উপজেলার জন্য একটি আধুনিক সুবিধাসম্পন্ন এম্বুল্যান্স ক্রয়ের লক্ষ্যে তহবিল গঠনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে একটি যৌথ ব্যাংক হিসাব এবং পৃথক বিকাশ ও নগদ অ্যাকাউন্ট খোলার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গেছে, উপজেলার জন্য একটি আধুনিক এম্বুল্যান্স কেনার উদ্দেশ্যে বিভিন্ন ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্বেচ্ছায় অনুদান দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) সকালে তহবিল গঠনের উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঞ্জুর আলমের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় অনুদান সংগ্রহে স্বচ্ছতা নিশ্চিত করা এবং অর্থ সংগ্রহের কার্যক্রমকে গতিশীল করতে একটি যৌথ ব্যাংক হিসাব খোলার প্রস্তাব দেওয়া হয়।
পরে বিষয়টি নিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং ইউএনওর সঙ্গে আলোচনা করা হলে ইউএনও ইতিবাচক মতামত ব্যক্ত করেন। তিনি আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও)-কে যৌথ ব্যাংক হিসাবের একজন সিগনেটরি হিসেবে অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন।
আলোচনা শেষে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয় যে, যৌথ ব্যাংক হিসাবের তিনজন সিগনেটরি থাকবেন। তারা হলেন—আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার এবং এম্বুল্যান্স ক্রয় উদ্যোগের প্রতিনিধিদের মধ্য থেকে একজন।
এছাড়া সাধারণ মানুষের অনুদান প্রদান সহজ করতে শুধুমাত্র এম্বুল্যান্স ক্রয় তহবিলের জন্য নতুন একটি বিকাশ ও একটি নগদ অ্যাকাউন্ট খোলা হবে। এসব অ্যাকাউন্ট এবং যৌথ ব্যাংক হিসাবের অর্থের স্থিতি প্রতি সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তহবিল ব্যবস্থাপনায় সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করতে যৌথ ব্যাংক হিসাব বা নির্ধারিত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্ট ছাড়া কোনো ধরনের নগদ লেনদেন না করার নির্দেশনা দেওয়া হয়েছে। ইউএনও মঞ্জুর আলম অনুদানদাতাদের প্রতি সম্ভব হলে ব্যাংক হিসাবের মাধ্যমে এবং একান্ত প্রয়োজন হলে নির্ধারিত বিকাশ বা নগদ অ্যাকাউন্টের মাধ্যমে অনুদান পাঠানোর অনুরোধ জানান।
মতামত