Government Performance Management System (GPMS) কর্মপরিকল্পনার আওতায় বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারে বর্ণিত প্রধান প্রতিশ্রুতি এবং ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে সরই ইউনিয়ন পরিষদ হলরুমে লামা তথ্য অফিসের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, নারী-পুরুষ ও পরিবারের সদস্যরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লামা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কাইছার হামিদ বলেন, সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পরিবারভিত্তিক সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, গুজব এবং সাইবার অপরাধ প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ি, সরই-এর ইনচার্জ খন্দকার সেলিম শাহরিয়ার বলেন, সামাজিক অপরাধ প্রতিরোধে পরিবারের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সচেতন পরিবারই নিরাপদ সমাজ গঠনের ভিত্তি।
সরই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও সেবামূলক কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিত করতে এ ধরনের সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি পরিবারে নৈতিক শিক্ষা ও সামাজিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক রাশেল। সভাপতির বক্তব্যে তিনি বলেন, তথ্য অফিস সরকারের উন্নয়ন কার্যক্রম, সামাজিক সচেতনতা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় জনগণের কাছে পৌঁছে দিতে নিয়মিত উঠান বৈঠক, ফ্যামিলি সমাবেশ, চলচ্চিত্র প্রদর্শনীসহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এসব কর্মসূচির মাধ্যমে জনগণকে সঠিক তথ্য জানানো এবং গুজব প্রতিরোধে সচেতন করা হচ্ছে।
সমাবেশে সরকারের নির্বাচনি ইশতেহারের প্রধান প্রতিশ্রুতি, অগ্রাধিকার কর্মসূচি, সামাজিক নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা, নারীর ক্ষমতায়ন, ডিজিটাল বাংলাদেশ, পরিবেশ সংরক্ষণ, আইন-শৃঙ্খলা, দুর্নীতি প্রতিরোধ, মাদকবিরোধী কার্যক্রম এবং নাগরিক দায়িত্ব সম্পর্কে আলোচনা করা হয়।
শেষে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতিথিরা। বক্তারা বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সফলভাবে বাস্তবায়ন এবং নিরাপদ, সচেতন ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে জনগণের সক্রিয় অংশগ্রহণের কোনো বিকল্প নেই। সমাবেশে অংশগ্রহণকারীরা এ ধরনের সচেতনতামূলক আয়োজন নিয়মিত চালিয়ে যাওয়ার দাবি জানান।
মতামত