ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই সমাবেশ, র্যালি, আলোচনা সভা ও জুলাই গণঅভ্যুত্থানের ওপর বিশেষ ডকুমেন্টারি প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিকেল ৫টায় ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
কর্মসূচির শুরুতে বোয়ালমারী চৌরাস্তা থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি পৌরসদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বোয়ালমারী চৌরাস্তায় গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বিভিন্ন স্লোগান দেন এবং শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান।
র্যালি শেষে বোয়ালমারী চৌরাস্তায় জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও তাৎপর্য নিয়ে বিশেষ ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এতে আন্দোলনের বিভিন্ন পর্যায়ের ঘটনা, গণঅভ্যুত্থানের পটভূমি এবং শহীদদের আত্মত্যাগের বিভিন্ন দিক তুলে ধরা হয়। ডকুমেন্টারি প্রদর্শনের সময় উপস্থিত দর্শকদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। দেশের পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করতে হবে। একই সঙ্গে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের যথাযথ চিকিৎসা, পুনর্বাসন, রাষ্ট্রীয় স্বীকৃতি ও সম্মান নিশ্চিত করার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, জুলাই আন্দোলনের ধারাবাহিকতায় দেশে রাজনৈতিক পরিবর্তনের যে সুযোগ সৃষ্টি হয়েছে, তার মূল চেতনা বাস্তবায়নে কোনো ধরনের বিলম্ব করা উচিত নয়। তারা দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, জনগণের আকাঙ্ক্ষা ও আন্দোলনের চেতনাকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হলে তা জনগণ মেনে নেবে না।
আলোচনায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অন্যায়, বৈষম্য ও কর্তৃত্ববাদের বিরুদ্ধে যে প্রতিরোধ গড়ে উঠেছিল, তা ভবিষ্যতেও মানুষের অধিকার রক্ষায় ভূমিকা রাখবে। একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠায় রাজনৈতিক দল, তরুণ সমাজ ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
কর্মসূচিতে বক্তব্য দেন ১১ দলীয় ঐক্যের অন্যতম নেতা ও ফরিদপুর জেলা জামায়াতে ইসলামীর শূরা সদস্য শহিদুল ইসলাম, বোয়ালমারী উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ বিল্লাল হোসেন, পৌর জামায়াতে ইসলামীর আমির সৈয়দ নিয়ামুল হাসান, পৌর জামায়াতের সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলী, এনসিপি নেতা মুহাইমিনুল ইসলাম বাহারসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মতামত