ছাত্রজনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের প্রকৃত চেতনাকে সমুন্নত রাখা এবং তা বুকে ধারণ করা এ দেশের প্রতিটি সচেতন নাগরিকের পবিত্র দায়িত্ব ও কর্তব্য বলে উল্লেখ করেছেন নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক মোঃ ফজলে হুদা বাবুল।
আজ বুধবার(৫ আগস্ট)বদলগাছী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
এমপি ফজলে হুদা বাবুল বলেন, “জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান কোনো সাধারণ ঘটনা ছিল না; এটি ছিল ফ্যাসিবাদ ও অন্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অধিকার আদায়ের লড়াই।এই লড়াইয়ের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি বিশেষ করে তরুণ প্রজন্মকে যেকোনো ধরনের অপতৎপরতা ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সাথে, কোনো গোষ্ঠী যেন জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত চেতনাকে ভিন্ন খাতে ডাইভার্ট বা অপব্যবহার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার পরামর্শ দেন।
মতামত