একটা কাগজ ঠিক করতেই লাগবে ৫০ হাজার টাকা। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে যশোরের বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ি ইউনিয়ন পরিষদের এক কর্মকর্তার বিরুদ্ধে।
ঘটনার কেন্দ্রে মালয়েশিয়া প্রবাসী আবু রায়হানের পরিবার। রায়হানের ৭ বছরের মেয়ে রায়সা বাগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। স্কুলে ভর্তির সময় আটকে যায় বাবার জন্ম নিবন্ধনের তথ্য নিয়ে।
সমাধানের আশায় গত রোববার রায়হানের মা রোজিনা খাতুন ছুটে যান বাসুয়াড়ি ইউনিয়ন পরিষদে। সেখানকার প্রশাসনিক কর্মকর্তা আব্দুল আলিমের সঙ্গে দেখা করেন। অভিযোগ, রোজিনাকে তিনি সাফ জানিয়ে দেন কাজ করিয়ে দিতে হলে গুনতে হবে ৫০ হাজার টাকা।
খবরটি মালয়েশিয়ায় থাকা ছেলের কানে যেতেই তিনি ফোন করেন ওই কর্মকর্তাকে। ফোনেই দরদাম শুরু। অভিযোগকারীর দাবি, এক পর্যায়ে ২০ হাজার টাকায় রাজি হন আলিম। পুরো কথাবার্তা রেকর্ডও করে রেখেছেন পরিবারটি।
এরপর আর চুপ থাকেননি রোজিনা। লিখিত অভিযোগ জমা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে।
অভিযোগ হাতে পেয়েই নড়েচড়ে বসে উপজেলা প্রশাসন। ইউএনও ভুপালী সরকার অভিযুক্ত আব্দুল আলিমকে কারণ দর্শানোর নোটিশ ধরিয়ে দিয়েছেন।
স্থানীয়দের ভাষ্য, এটা নতুন কিছু না। এর আগেও বিভিন্ন ইউনিয়নে চাকরির সময় জন্ম নিবন্ধন ও ভাতার নামে টাকা নেওয়ার অভিযোগে বারবার বদলি হয়েছেন এই কর্মকর্তা।
অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে আব্দুল আলিম কোনো কথা বলেননি। শুধু জানিয়েছেন শোকজ পেয়েছেন।
ইউএনও ভুপালী সরকার জানান, "অভিযোগ পেয়েছি। জবাব আসার পর নিয়ম মেনে ব্যবস্থা নেওয়া হবে।"
উল্লেখ্য, জন্ম নিবন্ধন সংশোধনের সরকারি ফি সর্বোচ্চ কয়েকশ টাকা। সেখানে ৫০ হাজার টাকা চাওয়ার ঘটনায় এলাকাজুড়ে ক্ষোভ বিরাজ করছে।
মতামত