যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ‘শহীদদের আত্মত্যাগ এবং বৈষম্যহীন বাংলাদেশ গঠনে রক্তঝরা জুলাই’ শীর্ষক আলোচনা সভায় বগুড়া শহর শাখার আওতাধীন ১২ নম্বর ওয়ার্ড ছাত্রদল মিছিলসহ অংশগ্রহণ করেছে।
বুধবার (৫ আগস্ট) বিকেল ৪টায় বগুড়ার টিটু মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ১২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো. ফারহান এর নেতৃত্বে বিভিন্ন স্লোগানে মুখরিত বিপুলসংখ্যক নেতাকর্মী শৃঙ্খলাবদ্ধ মিছিল নিয়ে যোগ দেন। এ সময় নেতাকর্মীরা গণতন্ত্র, জাতীয় ঐক্য, শহীদদের আদর্শ এবং সংগঠনকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে, মিছিল শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ১২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো. ফারহান।
তিনি বলেন, “জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান আমাদের জাতির ইতিহাসে গণতন্ত্র, অধিকার ও মানুষের মুক্তির সংগ্রামের এক অবিস্মরণীয় অধ্যায়। এ আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন, তাঁদের আত্মত্যাগ কখনোই বৃথা যেতে পারে না। শহীদদের রক্তের ঋণ শোধ করার একমাত্র পথ হলো একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা।”
ফারহান আরও বলেন, “তরুণ প্রজন্মকে শহীদদের আদর্শ বুকে ধারণ করে দেশ, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধ থাকতে হবে। ছাত্রদল সবসময় জনগণের অধিকার, ভোটের অধিকার এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে দায়িত্বশীল ভূমিকা পালন করে যাবে।”
বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার এবং সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশাররফ হোসেন। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি প্রশাসক এমআর ইসলাম স্বাধীন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির।
এছাড়াও বগুড়া জেলা বিএনপির নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
এর আগে সকাল সাড়ে ৮টায় বগুড়ার জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে বগুড়া জেলা ছাত্রদল ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
মতামত