চায়না জালে ধ্বংসের মুখে দেশি মাছ ও জলজ জীববৈচিত্র্য!
নদী-নালা, খাল-বিল ও জলাশয়ে দিন দিন বাড়ছে ক্ষতিকর চায়না জাল, যা স্থানীয়ভাবে ‘চায়না বাইর’ নামেও পরিচিত। অতিক্ষুদ্র ফাঁসের এই জালকে অনেকেই মাছ ধরার সাধারণ উপকরণ মনে করলেও বাস্তবে এটি জলজ পরিবেশ ও মৎস্যসম্পদের জন্য মারাত্মক হুমকি। নির্বিচারে ব্যবহারের কারণে ছোট-বড় বিভিন্ন প্রজাতির মাছসহ নানা জলজ প্রাণী এতে আটকা পড়ে।
চায়না জালের সবচেয়ে ভয়াবহ দিক হলো এর সূক্ষ্ম ফাঁসের কারণে পোনা মাছ, রেণু ও ছোট মাছও রেহাই পায় না। প্রজননক্ষম মাছ ও ছোট মাছ ব্যাপকভাবে ধরা পড়ায় মাছের স্বাভাবিক বংশবিস্তার ব্যাহত হচ্ছে। দীর্ঘমেয়াদে এর প্রভাব পড়ছে দেশি মাছের প্রাপ্যতা ও প্রজাতির বৈচিত্র্যের ওপর।
শুধু মাছ নয়, এই জালে কুচিয়া, কাঁকড়া, ব্যাঙ, কচ্ছপসহ বিভিন্ন জলজ প্রাণীও আটকা পড়ে। এতে জলজ খাদ্যশৃঙ্খল ও প্রাকৃতিক বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টদের মতে, চায়না জালের অতিরিক্ত ব্যবহার ভবিষ্যতে দেশীয় মৎস্যসম্পদের ওপর বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সাময়িকভাবে বেশি মাছ পাওয়া গেলেও দীর্ঘমেয়াদে জলাশয় মাছশূন্য হয়ে পড়ার ঝুঁকি রয়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারেন স্থানীয় ও প্রান্তিক জেলেরা।
বাংলাদেশের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ ধরা, উৎপাদন, সংরক্ষণ ও পরিবহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। চায়না দুয়ারি জালের ব্যবহার বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করে থাকে।
মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় শুধু প্রশাসনের অভিযানই যথেষ্ট নয় প্রয়োজন সাধারণ মানুষের সচেতনতা দায়িত্বশীল ভূমিকা। পোনা মাছ নিধন বন্ধ করতে হবে, নিষিদ্ধ জাল ব্যবহার থেকে বিরত থাকতে হবে এবং জলাশয়ের প্রাকৃতিক পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।
আসুন সবাই নিজ নিজ জায়গা থেকে সচেতন হই পরিবেশের ভারসাম্য রক্ষা করি!
মতামত