বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ক্ষুদ্রফুলকোট তাইড়পাড়া গ্রামে গণসংযোগ ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেছেন আমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী এবং উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ বিন আইয়ুব ছোটন।
শুক্রবার (৭ আগস্ট) অনুষ্ঠিত এ কর্মসূচিতে তিনি স্থানীয় বাসিন্দাদের খোঁজখবর নেন এবং এলাকার বিভিন্ন সমস্যা, বিশেষ করে দীর্ঘদিনের যোগাযোগ সংকট নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি বলেন, তাইড়পাড়া ও আশপাশের মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অন্যতম কারণ নাজুক সড়ক ব্যবস্থা। এ সমস্যা সমাধানে একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি ইতোমধ্যে সংসদ সদস্য মোরশেদ মিলটনের নজরে আনা হয়েছে।
আব্দুল্লাহ বিন আইয়ুব ছোটন বলেন, পরিকল্পনা অনুযায়ী কাজ এগোলে আগামী ৮ থেকে ১০ মাসের মধ্যে তাইড়পাড়া ও লক্ষ্মীপুর সড়কে মাটি ভরাট করে রাস্তা উঁচু করার কাজ শুরু হবে, ইনশাআল্লাহ। এতে বর্ষা মৌসুমে চলাচলের দুর্ভোগ অনেকাংশে কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, "মানুষের আস্থা ও সমর্থন পেলে আমরুল ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সমান গুরুত্ব দিয়ে উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে। জনগণের প্রত্যাশা পূরণ এবং টেকসই অবকাঠামো গড়ে তুলতে আমি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব।"
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক গ্রামবাসী উপস্থিত ছিলেন।
মতামত