বেহাল সড়কের কারণে অসুস্থ মাকে প্লাস্টিকের চেয়ারে বসিয়ে বাঁশের সঙ্গে বেঁধে হাসপাতালে নিতে হয়েছে দুই ছেলেকে। প্রায় আধা কিলোমিটার কাদামাখা কাঁচা সড়ক কাঁধে করে পার করার পর ইজিবাইকে করে মাকে হাসপাতালে নেওয়া হয়।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টার দিকে দিনাজপুরের বিরামপুর উপজেলার ২ নম্বর কাটলা ইউনিয়নের সীমান্তবর্তী খিয়ারমামুদপুর গ্রামে এ ঘটনা ঘটে। অসুস্থ তপতী রানী (৬০-এর বেশি) ওই গ্রামের ধীমান বসাকের স্ত্রী।
পরিবার সূত্রে জানা যায়, সকালে বাড়ির কাজ করার সময় একটি পুরোনো পেঁপেগাছ ভেঙে তপতী রানীর ওপর পড়ে। এতে তাঁর কোমর ও বাঁ পায়ে গুরুতর আঘাত লাগে। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করেন। কিন্তু গ্রামের একমাত্র সড়কটি কাদা-পানিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় দ্রুত হাসপাতালে নেওয়া যাচ্ছিল না।
পরে উপায় না পেয়ে বাঁশের সঙ্গে দড়ি দিয়ে একটি প্লাস্টিকের চেয়ার বেঁধে তাতে তপতী রানীকে বসানো হয়। তাঁর বড় ছেলে গৌতম বসাক ও ছোট ছেলে উত্তম বসাক চেয়ারটি কাঁধে নিয়ে প্রায় আধা কিলোমিটার কাঁচা সড়ক পাড়ি দেন। পরে স্থানীয় বাজার থেকে ইজিবাইকে করে তাঁকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
তপতীর ছেলে উত্তম বসাক বলেন, ‘এ রাস্তা দিয়ে চলাচল করা খুবই কষ্টকর। মাকে এই রাস্তা দিয়ে নিয়ে যেতে কী যে কষ্ট হয়েছে, তা আমি জানি। রাস্তাটি খুব কাদায় ভরা। লাল মাটির ওপর দিয়ে ট্রাক্টর ও পাওয়ার টিলার চলাচল করায় রাস্তা একেবারে নষ্ট হয়ে গেছে।’
সরেজমিনে দেখা যায়, খিয়ারমামুদপুর গ্রামের প্রায় সাড়ে চার কিলোমিটার কাঁচা সড়কের বিভিন্ন অংশে কাদা-পানি জমে রয়েছে। বর্ষা মৌসুমে সড়কটি কর্দমাক্ত হয়ে যায়। শুষ্ক মৌসুমে আবার ধুলাবালুর কারণে দুর্ভোগ বাড়ে। স্থানীয়দের দাবি, সড়কটি দিয়ে ভ্যানসহ অন্যান্য যানবাহন চলাচল করাও কঠিন হয়ে পড়ে।
স্থানীয়রা জানান, প্রতিবছর বর্ষায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়। কৃষিপণ্য পরিবহন, অসুস্থ রোগী ও প্রসূতি নারীদের হাসপাতালে নেওয়া এবং শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয়।
খিয়ারমামুদপুর গ্রামের বাসিন্দা গোলজার রহমান বলেন, সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত। এটি পাকা করার জন্য উপজেলা পর্যায়ে একাধিকবার জানানো হয়েছে। সংশ্লিষ্টরা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
স্থানীয় ইউপি সদস্য শুকুর আলী বলেন, ২০২২ সাল থেকে তৎকালীন উপজেলা চেয়ারম্যান, ইউএনও ও উপজেলা প্রকৌশলীকে সড়কটির বিষয়ে জানানো হয়েছে। সম্প্রতি সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ও দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকেও বিষয়টি জানানো হয়েছে। তিনি সড়কটি পাকা করার আশ্বাস দিয়েছেন।
বিরামপুর উপজেলা উপসহকারী প্রকৌশলী সুরুজ্জামান মিয়া বলেন, উপজেলার প্রায় ১০০ কিলোমিটার কাঁচা সড়ক পাকা করার প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। এর মধ্যে খিয়ারমামুদপুরের সড়কটিও রয়েছে। অনুমোদন পাওয়া গেলে অগ্রাধিকার ভিত্তিতে কাজ শুরু করা হবে।
মতামত