যশোরে শেখ হাসিনা সরকার পতনের কনসার্টে যুবককে ছুরিকাঘাত
যশোরে শেখ হাসিনা সরকারের পতনের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট চলাকালে এক যুবককে ছুরিকাঘাত করে গুরুতর জখমের অভিযোগ উঠেছে।
এ সময় তার গলায় থাকা একটি স্বর্ণের চেইন ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করেছেন আহত যুবক। ঘটনাকে কেন্দ্র করে অনুষ্ঠানস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কনসার্ট বন্ধ হয়নি। বুধবার (৫ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে যশোর শহরের টাউন হল মাঠে এ ঘটনা ঘটে। দিবসটি উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টের আয়োজন করা হয়।
অনুষ্ঠান দেখতে মাঠে কয়েক হাজার দর্শকের সমাগম ঘটে। আহত যুবকের নাম মেহেদী হাসান শাহিন (১৮)। তিনি যশোর শহরের চাঁচড়া রায়পাড়া এলাকার বাসিন্দা এবং মেহেদী হাসান বাদশার ছেলে। প্রত্যক্ষদর্শী ও আহতের স্বজনরা জানান, কনসার্ট চলাকালে দর্শকদের নাচানাচির একপর্যায়ে বাগ্বিতণ্ডার সৃষ্টি হয়।
একপর্যায়ে বেজপাড়া পানির ট্যাংকি এলাকার শোয়েব (২০) নামে এক যুবক ধারালো চাকু দিয়ে শাহিনকে এলোপাতাড়িভাবে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। আহত শাহিনের দাবি, হামলার সময় তার গলায় থাকা একটি স্বর্ণের চেইন ও সঙ্গে থাকা একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।রক্তাক্ত অবস্থায় শাহিনকে তার সঙ্গে থাকা বন্ধুরা দ্রুত উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, তার পায়ে ও তলপেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ঘটনার পর অনুষ্ঠানস্থলে উপস্থিত দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা জোরদার করেন।
এদিকে, অনাকাঙ্ক্ষিত এ ঘটনার পর আয়োজক কমিটির পক্ষ থেকে মাইকে বারবার দর্শকদের শান্ত ও সংযত থাকার আহ্বান জানানো হয়। অন্যথায় কনসার্ট বন্ধ করে দেওয়ার প্রয়োজন হতে পারে বলেও সতর্ক করা হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কনসার্ট চলছিল। মঞ্চে জনপ্রিয় সংগীতশিল্পী মিলা পরিবেশনায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন
মতামত