দিনাজপুর শহরে বিশেষ অভিযান চালিয়ে দুষ্প্রাপ্য কষ্টিপাথরের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মূর্তিটি পাচারের সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসানের নেতৃত্বে বিজিবি, নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব ও দিনাজপুর সদর থানা পুলিশের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল দিনাজপুর শহরের চাতরাপাড়া এলাকায় একটি বাড়িতে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মো. পারভেজ মন্ডল (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি দিনাজপুর সদর উপজেলার চাতরাপাড়া এলাকার মৃত লবানা মন্ডলের ছেলে।
বিজিবি জানায়, আটক ব্যক্তির কাছ থেকে ৩২ কেজি ১৫০ গ্রাম ওজনের দুষ্প্রাপ্য কষ্টিপাথরের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি বিদেশে পাচারের প্রস্তুতি চলছিল।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা পরীক্ষা-নিরীক্ষা শেষে উদ্ধারকৃত মূর্তিটিকে প্রত্নতাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে নিশ্চিত করেছেন। ১৯৬৮ সালের পুরাকীর্তি সংরক্ষণ আইন (১৯৭৬ সালে সংশোধিত) অনুযায়ী এ ধরনের প্রত্নসম্পদ সংরক্ষণের দায়িত্ব সরকারের পক্ষে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ওপর ন্যস্ত।
উদ্ধারকৃত বিষ্ণু মূর্তিটির সিজার মূল্য ৩২ লাখ ১৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তবে এর ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বিবেচনায় প্রকৃত মূল্য আরও অনেক বেশি হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
আটক পারভেজ মন্ডলকে উদ্ধারকৃত মূর্তিসহ দিনাজপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, দেশের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য রক্ষা এবং প্রত্নসম্পদ পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক, মানবপাচার, অস্ত্র ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনেও বিজিবি সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ।
মতামত