বান্দরবানের লামা উপজেলায় ৯ বছর বয়সী শিশু আরাফাত হোসেনকে বলাৎকারের পর শ্বাসরোধে হত্যার চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি মো. আবদুল কুদ্দুচকে (৩৯) দীর্ঘ ১১ মাস পর গ্রেফতার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় লক্ষ্মীপুরের কমলনগর থানাধীন চর সামসুদ্দিন এলাকার রফিকগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আবদুল কুদ্দুচ লামা উপজেলার ২ নম্বর লামা সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বৈক্ষম ঝিরি এলাকার আব্দুর রহিমের ছেলে। তিনি স্থানীয় একটি করাতকল দেখাশোনার পাশাপাশি অটোরিকশা চালাতেন।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৮ জুলাই দুপুরে লামা থানাধীন বৈল্যারচর এলাকায় বাদীর বসতঘরের সামনে মাচার ঢাসার সঙ্গে গলায় নেটের রশি পেঁচানো অবস্থায় শিশু আরাফাতের মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠায়। এ ঘটনায় ৯ জুলাই লামা থানায় প্রথমে একটি অপমৃত্যু মামলা করা হয়।
পরবর্তীতে ময়নাতদন্ত, ডিএনএ প্রোফাইলিং ও চিকিৎসকদের বিশেষজ্ঞ মতামতে শিশুটিকে বলাৎকারের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে তথ্য উঠে আসে। ডিএনএ পরীক্ষায় শিশুটির অ্যানাল সোয়াবে বীর্যের উপাদানের উপস্থিতিও শনাক্ত হয়।
এরপর চলতি বছরের ১১ জুলাই লামা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়। মামলার তদন্তভার গ্রহণ করেন এসআই মো. সালাহ উদ্দিন। লামা থানার ওসি মোহাম্মদ কাইছার হামিদের সার্বিক তত্ত্বাবধানে তদন্তে সহযোগিতা করেন এসআই সত্যজিৎ বড়ুয়া ও এএসআই প্রকাশ ঘোষ।
তদন্ত সংশ্লিষ্টদের ভাষ্য, মামলা হওয়ার বিষয়টি জানতে পেরে আবদুল কুদ্দুচ তার ব্যবহৃত অটোরিকশা স্থানীয় একটি গ্যারেজে রেখে পরিবার ও স্বজনদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে আত্মগোপনে চলে যান।
পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির আধুনিক ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে গত ৯ আগস্ট সন্ধ্যা ৬টার দিকে লক্ষ্মীপুরের কমলনগর থানাধীন চর সামসুদ্দিন এলাকার রফিকগঞ্জ বাজারে অভিযান চালিয়ে আবদুল কুদ্দুচকে গ্রেফতার করা হয়।
লামা থানার এসআই সত্যজিৎ বড়ুয়ার ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবদুল কুদ্দুচ শিশুটিকে বলাৎকার এবং পরে ঘটনা ধামাচাপা দিতে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারের পর মঙ্গলবার (১১ আগস্ট) তাকে আদালতে সোপর্দ করা হয়। পুলিশ জানায়, আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি স্বেচ্ছায় জবানবন্দি দিয়েছেন।
লামা থানার ওসি মোহাম্মদ কাইছার হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলাটির তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
মতামত