দিনাজপুর জেলা কৃষকদলের সদস্য সচিব মো. মজিবর রহমান মুজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং তাকে পুনরায় সদস্য সচিব পদে বহালের দাবি জানিয়েছেন দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) বিকেল ৫টায় দিনাজপুর শহরের সুইহারি শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান ইউনিয়নের আহ্বায়ক মো. আব্দুল কাইয়ুম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি। এতে প্রধানমন্ত্রী, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আবেদন জানিয়ে বলা হয়, মজিবর রহমান মুজিব একজন সৎ, নিষ্ঠাবান ও দীর্ঘদিনের নির্যাতিত রাজনৈতিক কর্মী। ২০২৪ সালের ৫ আগস্ট তিনি কারাবন্দী অবস্থায় ছিলেন বলেও উল্লেখ করা হয়। এসব বিষয় বিবেচনায় নিয়ে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং দলীয় পদ পুনর্বহালের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে গত ৯ আগস্ট ২০২৬ দিবাগত রাতে দিনাজপুর কোতয়ালী থানায় ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রমিক ইউনিয়নের নামে প্রচারিত বিভিন্ন তথ্যকে বিভ্রান্তিকর বলে দাবি করা হয়। নেতৃবৃন্দ বলেন, প্রকৃত ঘটনা তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট সকলের প্রতি ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য সমাধানে সহযোগিতা কামনা করা হয়।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ১১ আগস্ট ২০২৬ সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দিনাজপুরে পরিবহন ধর্মঘট ও বিভিন্ন স্থানে সড়ক অবরোধের কারণে সাধারণ মানুষের যে দুর্ভোগ সৃষ্টি হয়েছে, তার জন্য দিনাজপুরবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করা হচ্ছে।
নেতৃবৃন্দ জানান, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দীর্ঘ আলোচনার পর ১২ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে মজিবর রহমান মুজিব জামিনে মুক্তি পান। বর্তমানে তিনি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে কোতয়ালী থানা হেফাজতে মারধর করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। এ বিষয়ে সাংবাদিকদের হাসপাতাল পরিদর্শন করে প্রকৃত অবস্থা দেখার আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক সৈয়দ শওকত আলী তোতা, অর্থ সম্পাদক মামুনুর রশীদ, দপ্তর সম্পাদক মো. রাশেদুজ্জামান বিপ্লব, সদস্য মো. খোকন, মো. আফজাল হোসেন, শ্রী উদয় চক্রবর্তী, মো. হালিম বাবু ও সৈয়দ খালিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, মো. মজিবর রহমান মুজিব বর্তমানে জাতীয়তাবাদী কৃষকদল দিনাজপুর জেলা শাখার সদস্য সচিব এবং দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
মতামত