ভোলা বাঁচবে তো? মেঘনা-তেঁতুলিয়ার বুকে বালুদস্যুতা ও নদীভাঙনের ভয়!
বর্তমানে মেঘনা নদীর ভয়াবহ ভাঙন থেকে ভোলার মূল ভূখণ্ড ও শহর রক্ষা বাঁধকে রক্ষা করতে প্রায় ৬৮৫ কোটি ৮৬ লাখ টাকার একটি নতুন মেগা প্রকল্প একনেক (ECNEC) সভায় উত্থাপন করা হয়েছে। যার মূল উদ্দেশ্যেগুলো হলো নদীতীর সংরক্ষণ, উপকূলীয় বাঁধ পুনর্বাসন, বাঁধের ঢাল সুরক্ষা এবং পানি নিষ্কাশন অবকাঠামো নির্মাণের মাধ্যমে নদীভাঙন ও জলোচ্ছ্বাসের ঝুঁকি কমানো [তথ্য সূত্র: একনেক]। কিন্ত প্রশ্ন হলো এই প্রকল্প কতটা কার্যকর? প্রকল্পের কাজ বাস্তবায়নের আগে নদী ভাঙ্গনের মূল কারন বের করে সমাধান না করে এ প্রকল্প বাস্তবায়ন করলে ভোলার জনগণ কতটা উপকৃত হবে? আসলেই কি নদী ভাঙ্গন রোধে কি স্থায়ী সমাধান করা হবে? নাকি সকল অর্থ পানিতে যাবে?
বর্তমানে অবৈধ ও অনিয়ন্ত্রিত বালু উত্তলনই ব্যাপকহারে নদী ভাঙ্গার কারন। অবৈধ ও অনিয়ন্ত্রিত বালু উত্তলনে ভোলার যে ক্ষতি হচ্ছে কিছুদিনের মধ্যে অপূরণীয় ক্ষতিতে রুপান্তরিত হবে। তখন প্রকৃতি তার নিজের রুপ দেখাবে ভোলার বসবাসকারীরা সেই পরিণতি ভোগ করবে।
বালু উত্তলনে ভোলার সাধারণ জনগণের কোনো প্রকার উপকৃত হচ্ছে না। কিছু রাজনৈতিক প্রভাবশালী, অর্থলোভী, দস্যু কিসিমের লোকের পকেট ভর্তি হচ্ছে ঠিকই। তারা বিপুল টাকা পয়সার মালিক হচ্ছে। কিন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে নদীর তীরবর্তী লোকজন। বালু উত্তলনে নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তন হচ্ছে এতে নদীর পাড়ের মাটি নিচ দিয়ে ধুয়ে যাচ্ছে, আর যেসব জায়গায় নদী ভাঙ্গন রোধে শত শত কোটি টাকার সিসি ব্লক বা জিও ব্যাগ দেওয়া আছে সেসব স্থানেও তলদেশের মাটি ধুয়ে যাওয়ায় সিসি ব্লক ও জিও ব্যাগে নদী গর্ভে চলে যাচ্ছে এবং এতে শহর রক্ষা বাধ চরম হুমকির মধ্যে পড়ছে।সিসি ব্লক ও জিও ব্যাগ নদী ভাঙ্গন রোধে কোনো কাজেই আসছে না। আর শহর রক্ষা বাধ একবার ভেঙ্গে গেলে ভোলাতে কি ভয়বহ পরিস্থিতির সম্মুখীন হবে তা যে সত্তর সালের জলোচ্ছ্বাসকে ছাড়িয়ে যাবে অনুমান করা যায়। কেননা বাংলাদেশের জলবায়ু প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে এবং প্রতিবছর বর্ষা মৌসুমে দেশের বিভিন্ন অঞ্চলে অতিবৃষ্টির কারনে ভয়াবহ বন্যা জলাবদ্ধতা হচ্ছে আর ভারত সৃষ্ট বন্যা তখন মরার উপর খারার ঘা হিসেবে আঘাত করছে। বর্তমানে ভোলা সদর উপজেলায় ইলিশা, শিবপুর,ধনিয়া ও রাজাপুর ইত্যাদি ইউনিয়ন সহ দৌলতখান, লালমোহন ও চরফ্যাশন উপজেলায় বালু উত্তলনের কারনে বিভিন্ন উপসর্গ (সিসি ব্লক ধসে পড়া, আগের চেয়ে বহুগুন গতিতে নদী ভাঙ্গন ইত্যাদি) দেখা দিচ্ছে। ভোলা এখনও টিকে আছে বন্যা এখনও ভোলাকে গ্রাস করতে পারে নি কিন্ত আর কতদিন? বর্ষা মৌসুমে নদীতে পানির চাপ বেশি থাকে যা নদীর তীরে চাপ সৃষ্টি করে ফলে নদী ভাঙ্গন হয় কিন্ত অনিয়ন্ত্রিত ও অবৈধ বালু উত্তলনে নদী তলদেশের মাটি সরে যাওয়ায় এর তীব্রতা বহুগুণ বৃদ্ধি পাচ্ছে।যার ফলে সিসি ব্লক ও জিও ব্যাগ কাজে আসছে না (প্রকৃতিক নদী ভাঙ্গন সিসি ব্লক ও জিও ব্যাগ দ্বারা অনেকাংশেই প্রতিরোধ করা সম্ভব)। তাছাড়া ইলিশের প্রজনন ব্যাহত, জলজ বাসস্থান ধ্বংস হচ্ছে যার চরম মূল্য ভবিষ্যতে ভোলার জেলেদের দিতে হবে।
ভোলায় প্রধান নদী দুটি, একটি মেঘনা অন্যটি তেতুলিয়া। মেঘনা বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম নদী। আমাদের কোনমতেই মেঘনাকে আন্ডারস্টিমেট করা উচিত নয়। মেঘনা নদী প্রতিদিন গড়ে প্রায় ৩৫০ কোটি ২০ লাখ ঘনমিটার (৩.৫ বিলিয়ন m³) পানি বঙ্গোপসাগরে নিস্কাশন করে। যা লিটারে হিসেব করলে ৩.৫ ট্রিলিয়ন লিটার। বর্তমানে অতিভারী বর্ষণ এবং উজানের পাহাড়ি ঢলের কারণে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল, দক্ষিণ পূর্বাঞ্চল এবং উত্তরাঞ্চলের অন্তত ১৫+ জেলার নিম্নাঞ্চল প্লাবিত ও মারাত্মক বন্যার কবলে পড়েছে। কিন্ত ভোলা কি এখনও এই ধরনের প্রেক্ষাপটের শিকার হয়েছে? সত্তরের বন্যা নদী ঘটিত ছিল না, সমুদ্রের পানি অস্বভাবিকভাবে বৃদ্ধির ফলেই ভোলা ডুবেছিল। যখন বিগত বছরগুলোয় ভারতের বাধ ছেড়ে দেওয়া বা অতিবৃষ্টিজনিত কারনে বিভিন্ন জেলা (নোয়াখালী, ফেনী ইত্যাদি) প্লাবিত হয়ে ভয়াবহ বন্যার সম্মুখীন হতে হয়েছিল তখনও ভোলায় কোনো অঞ্চল প্লাবিত হয় নি। এর একমাত্র কারন হলো মেঘনা ও তেতুলিয়া নদী ও জালের মত ছড়ানো ছিটানো অসংখ্য গভীর খাল। মেঘনা, তেতুলিয়া ও খালগুলো বিশ্রামহীন ভাবে অনবরত ট্রিলিয়ন ট্রিলিয়ন লিটার পানি বঙ্গোপসাগরে নিষ্কাশন করছে। ভারী বৃষ্টি এবং ভারত যখন বাধ ছেড়ে দেয় তখন যে পানির চাপ নদীতে পড়ে সে চাপ অন্যান্য নদী নিতে না পারলেও মেঘনা, তেতুলিয়া অনায়াসে সে চাপ প্রশমিত করতে পারে এবং বঙ্গোপসাগরে বিদ্যুৎ গতিতে পানি নিষ্কাশন করে। এই নদী খালগুলো ভোলাকে কখনও ডুবতে দেয় নাই। ভোলাকে কখনও জলাবদ্ধতা, বন্যা, দুর্ভিক্ষের সম্মুখীন হতে দেয় নাই। মেঘনা ও তেতুলিয়া ভোলাকে পরম যত্নে ঘিরে রেখে প্রকৃতিক বা মানব সৃষ্ট দূর্যোগ থেকে রক্ষা করতেছে। অথচ কিছু অল্পসংখ্যক মানুষ অনবরত মেঘনা তেতুলিয়া থেকে বালু উত্তলন করছে যার ফলে নদীর গতিপথ কৃত্রিমভাবে পরিবর্তিত করছে, নদী নাব্যতা হারাচ্ছে, ইচ্ছামত যত্রতত্র বাধ দিয়ে বালু উত্তলন করছে, ডুবন্ত চড় ধ্বংস করছে, নদীর জীববৈচিত্র্যের পরিবর্তন ঘটাচ্ছে, বালু উত্তলনের সময় নদীর পানি অতিরিক্ত ঘোলা হওয়ার কারনে ইলিশ মাছসহ অন্যান্য মাছের প্রজনন ব্যাহত হচ্ছে যার ফলে ক্রমশ মাছ জালে কম ধরা পড়ছে, নদীতে প্রাকৃতিক খাবার জুপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন উৎপাদন কমে যাচ্ছে যাতে মাছের প্রাকৃতিক খাবারের সংকট তৈরী হচ্ছে, নদীর তলদেশ ধ্বসে যাচ্ছে ফলে তীরে মাটির ভিতরে ফাকা জায়গা তৈরী হচ্ছে যার শেষ পরিণতি নদী ভাঙ্গন যা প্রাকৃতিক ভাঙ্গনের চেয়ে কয়েকগুন বৃদ্ধি পেয়েছে।
মেঘনা ও তেতুলিয়া নদী পানি নিষ্কাশন করায় এসব নদীর পানি লবণাক্ত নয়, তাই মিঠা পানির বিপুল মৎস ভান্ডারের জোগান দিচ্ছে এসব নদী । বর্তমানে ইলিশের খনি হলো মেঘনা ও তেতুলিয়া। চাদপুরকে ছাড়িয়ে ভোলা সবচেয়ে বেশি ইলিশের জোগান দিচ্ছে। বাংলাদেশের মৎস অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের মোট উৎপাদিত ইলিশের প্রায় ৩২ শতাংশই আহরিত হয় ভোলার মেঘনা ও তেতুলিয়া নদী থেকে। তাছাড়া মিঠা পানির মাছ যেমন আইড়, বোয়াল, রিটা, বাঘাইড় শিং মাগুর ইত্যাদি ও উপকূলীয় অঞ্চলে নোনা পানির মাছ যেমন পোয়া, তপসী, কোরাল ছুরি, রূপচাঁদা, লইট্টা, কাচকি, চাপিলা ইত্যাদি মাছের বিপুল পরিমানে জোগান দিচ্ছে এসব নদী যা বাংলাদেশে আমিষের চাহিদার সিংহভাগ। এটা বলা বাহুল্য আমিষের ৬০ ভাগ জোগানই আসে মাছ থেকে। কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মেঘনা ও তেঁতুলিয়া নদীর কল্যাণে শুধু ভোলা জেলাতেই বছরে প্রায় ২ লাখ ৩২ হাজার মেট্রিক টন মাছ উৎপাদিত হয়। জেলার নিজস্ব চাহিদা (৩৯ হাজার মেট্রিক টন) মিটিয়ে বাকি প্রায় ১ লাখ ৮৩ হাজার মেট্রিক টন উদ্বৃত্ত মাছ ঢাকা, চট্টগ্রামসহ সারা দেশের মানুষের আমিষের চাহিদা মেটাতে সরবরাহ করা হয় এবং এই দুই নদীর প্রধান মাছ ইলিশ, কোরাল ও পাঙাশে উচ্চমাত্রার ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, অত্যাবশ্যকীয় প্রোটিন, ভিটামিন ও খনিজ থাকে, যা দেশের মানুষের পুষ্টির নিরাপত্তা নিশ্চিত করে। এখন অর্থনৈতিক ও কর্মসংস্থান বিষয়ে এই দুই নদীর গুরুত্ব আলোচনা করা যাক। মেঘনা ও তেতুলিয়া নদী থেকে যে পরিমাণ ইলিশ আহরণ করা হয় শুধুমাত্র তা দিয়েই প্রায় আড়াই থেকে তিনহাজার কোটি টাকার বাণিজ্য হয়। আর সাদা মাছ ও চিংড়ি দিয়েও হাজার হাজার কোটি টাকা বাণিজ্য হয়। মৎস ইকোনমি, বাণিজ্যে ও রপ্তানিতে একটা বিরাট জায়গা দখল করে রাখছে ভোলার এই দুই নদী। বাংলাদেশের মৎস অধিদপ্তরের জেলা কার্যালয়ের তথ্য অনুযায়ী, ভোলা জেলায় মোট সরকারি নিবন্ধিত জেলের সংখ্যা ১ লাখ ৭০ হাজার ২৮৩ জন ।যদি প্রত্যেক জেলের পরিবারে ৩-৪ সদস্য হয় তাহলে বিপুল সংখ্যক মানুষের জিবিকা নির্ভর করতেছে এই দুই নদীর উপর। নিবন্ধিত জেলেদের বাইরে আরও অন্তত ৪ থেকে ৫ লাখ মানুষ পরোক্ষভাবে এই দুই নদীর ওপর নির্ভরশীল। এদের কর্মসংস্থান মূলত জাল বুনা, ট্রলার বা নৌকা তৈরি, বরফ কল পরিচালনা, মাছের আড়তের কুলি-মজুর এবং পরিবহন খাতকে কেন্দ্র করে আবর্তিত হয়। তাহলে দেখা যাচ্ছে বিপুল পরিমাণ মানুষ তাদের জিবিকা এ দুই নদীর উপর নির্ভর করতেছে।
ভোলা জেলার প্রায় সব জেলেদের বাড়িঘর নদীর তীরবর্তী অথবা বাধের আশেপাশে ।জেলেদের জীবন-জিবিকা যেমনি ভালো থাকে নদী ভালো থাকলে তেমনি তাদের জীবন-জিবিকা খারাপ হবে নদীর কিছু হলে। যখন নদীতে অভিযান চলে মাছ ধরা নিষিদ্ধ থাকে তখন জেলেদের অবস্থা খুবই ভয়াবহ হয় তাদের আর্থিক অবনতি ঘটে তারা উচ্চ সুদে বিভিন্ন ধার-দেনায় জর্জরিত হয় আবার তাদের ভালো সময়ে উপার্জন করে ঋণ শোধ করে। তাই তাদের জীবন মান তেমন উন্নতি হয় না । বালুদস্যুদের কর্মকান্ডে নদীর স্বভাবিক গতিপথ পরিবর্তন হয়ে জেলেদের চাষযোগ্য জমি, ঘরবাড়ি বিলিন হয়, তাদের স্বাভাবিক জীবন ব্যাহত হয়, তাদের শেষ সম্বল হারিয়ে যখন নিঃস্ব হয়ে যায়। গরীব কৃষক, জেলে, খেটে খাওয়া মানুষ প্রতিনিয়ত তাদের আবেগ ভালোবাসা ও পূর্বপূরুষের ঐতিহ্য জর্জরিত বসতভিটা চিরতরে হারিয়ে ফেলে। তারা হচ্ছে বাস্তুহীন । তখন শুধু নির্দিষ্ট করে তারাই ক্ষতিগ্রস্ত হয় না ক্ষতিগ্রস্ত হয় দেশ, অর্থনীতি, কর্মসংস্থান, জিডিপি, জীবনমান, উন্নয়ন ইত্যাদি সবকিছুই। যেহুতু এই অঞ্চলের অর্থনীতি মৎস ও নদী সম্পদ নির্ভর তাই এই অঞ্চলের অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। যার জন্য সম্পূর্ণ দায়ী অনিয়ন্ত্রিত বালু উত্তলন। এই অনিয়ন্ত্রিত বালু উত্তলনে সিসি ব্লক আচ্ছাদিত এলাকাও নদী ভাঙ্গনের শিকার হচ্ছে। উন্মুক্ত এলাকা অতিদ্রুত ভাঙ্গনের ফলে মুহূর্তের মধ্যে বিঘা বিঘায় জমি বিলিন হচ্ছে। কখনও যদি এ ভাঙ্গন নিয়ন্ত্রন করা না যায় ভোলা শহর বাধ ভাঙ্গার সম্ভাবনা ব্যাপক। এতে ভোলার শুধু জেলে বা তীরবর্তী মানুষই ক্ষতিগ্রস্ত হবে না বরং জেলার ২০ লাখ মানুষের অস্তিত্বের সংকট তৈরী হতে পারে।
এখনও বালু উত্তলন এ অঞ্চলের জীবন জীবিকায়, কর্মসংস্থান ও অর্থনীতিতে তেমন ভূমিকা রাখছে না বরং ব্যাপক প্রসারিত একটা অর্থনীতিকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করছে। বালু উত্তলন নির্মূল না করে একনেকে উত্থাপিত নদী ভাঙ্গনরোধে মেগা প্রজেক্ট কতটা কার্যকর তা নিয়ে সন্দেহ তৈরী হওয়া স্বাভাবিক। কারন সমস্যা তো সিসি ব্লকে বা জিও ব্যাগ এ না সমস্যা তৈরী হচ্ছে নদীগর্ভে যা মানবসৃষ্ট। পানি উন্নয়ন বোর্ড বা নৌ-মন্ত্রণালয়ের গৃহীত বিভিন্ন প্রকল্প যা কিনা নদীমাতৃক আর্থ-সামাজিক উন্নয়ন বা নদী ভাঙ্গনরোধের লক্ষে বাস্তবায়ন করা হয়েছে বা করা হবে তা কার্যকর বা জনগনদের উপকারে আসবে না যদি না এ বালু উত্তলন বন্ধ না করা যায়। সকল চিন্তা ও পরিকল্পনা বিফলে যাবে এবং দেশ ও জনগণের অর্থ অযথা ব্যয় হবে। বালু উত্তলন রোধে প্রসাশনকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে।অবৈধ বালু উত্তলন রোধে প্রসাশন সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে এতে সাধারণ জনগনেরও সহযোগিতা নেওয়া যেতে পারে। নতুন করে অযথা বালু উত্তলনের অনুমতি দেওয়া যাবে না। এক্ষেত্রে জেলা প্রসাসক ও বিআইডব্লিউটিএর আরও সতর্ক হতে হবে। রাজনৈতিক দলগুলোর নেতাদের অবৈধ উপার্জনের একটা সহজ মাধ্যমে পরিণত হয়েছে এসব অবৈধ বালু উত্তলন। সরকার ও দলগুলোকে তাদের নেতাকর্মীদের নিরুৎসাহিত করতে হবে বালু উত্তলন বিষয়ে আইনি সহায়তা না দেওয়ার বিষয়গুলো বিবেচনায় আনতে হবে বরং বালু উত্তলন রোধে বিভিন্ন কর্মসূচী করতে হবে। তা না হলে প্রত্যেক ক্রিয়ার যেমন প্রতিক্রিয়া আছে প্রকৃতি আমাদের কর্মকান্ডের ফলাফল আমাদের ভয়াবহভাবে ফেরত দিবে।
তামীরুল হক,
শিক্ষার্থী, রসায়ন বিভাগ এবং
সহযোগী সদস্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা।
মতামত