বান্দরবানের আলীকদমে পারিবারিক কলহের জেরে নুর মোহাম্মদ (১৯) নামে এক যুবক বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন। শুক্রবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ১ নম্বর সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কলারঝিরি ইউনুছ মেম্বার পাড়ায় এ ঘটনা ঘটে।
নুর মোহাম্মদ ওই এলাকার আবুল বশর ও জহুরা খাতুনের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নুর মোহাম্মদের বাবা আবুল বশর দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এতে পরিবারটি আর্থিক সংকটে রয়েছে। এ নিয়ে নুর মোহাম্মদের মা জহুরা খাতুন প্রায়ই দুশ্চিন্তায় কান্নাকাটি করতেন।
শুক্রবার দুপুরে একই বিষয় নিয়ে জহুরা খাতুন কান্নাকাটি করলে নুর মোহাম্মদ তাকে কান্না করতে নিষেধ করেন। এ নিয়ে মা-ছেলের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মায়ের সঙ্গে অভিমান করে নুর মোহাম্মদ বাড়িতে থাকা ফসলের পোকা দমনকারী বিষ নিয়ে খামারবাড়ির পাশের খালের পাড়ে যান। সেখানে সবার অগোচরে তিনি বিষপান করেন।
পরে স্বজনরা বিষয়টি জানতে পেরে তাকে উদ্ধার করে দুপুর সাড়ে ১টার দিকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরেই ওই যুবক বিষপান করেছেন বলে জানা গেছে।
মতামত