বান্দরবান সদর উপজেলার রাজবিলা এলাকায় শিলক খাল রক্ষা ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।
সোমবার (১৭ আগস্ট) বিকেল ৩টায় বান্দরবান প্রেস ক্লাবের সামনে রাজবিলা সচেতন এলাকাবাসী ও শিলক খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, শিলক খাল ও আশপাশের এলাকায় বালু উত্তোলনের কারণে পরিবেশ, কৃষি, পানি প্রবাহ, ভাঙন ও জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। সম্ভাব্য পরিবেশগত প্রভাব মূল্যায়ন না হওয়া পর্যন্ত বালু উত্তোলন কার্যক্রম স্থগিত রাখার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি, পরিবেশ বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট অংশীজনের মতামত নিয়ে বিষয়টি পুনর্বিবেচনা করা প্রয়োজন। প্রস্তাবিত বালু উত্তোলন এলাকার পরিবেশ ও অবকাঠামোর ক্ষতির ঝুঁকি তৈরি করতে পারে উল্লেখ করে তারা বালুমহাল ঘোষণা বাতিল করে এলাকাটি সংরক্ষণের উদ্যোগ নেওয়ার দাবি জানান।
এ সময় শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধে কঠোর নজরদারি ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। খাল, কৃষি ও পরিবেশ রক্ষায় স্থানীয় জনগণের মতামতকে গুরুত্ব দেওয়ারও দাবি জানান বক্তারা।
মানববন্ধন থেকে শিলক খাল রক্ষা, বালু উত্তোলন বন্ধ এবং পরিবেশ ও কৃষির ওপর সম্ভাব্য ক্ষতিকর প্রভাব নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করা হয়।
মতামত