বগুড়া ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি)কে পূর্ণাঙ্গ ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে রূপান্তর, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত এবং বিএসসি কোর্স চালুর দাবি জানিয়েছে আইএইচটি শাখা ছাত্রদল।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে রোববার (১৬ আগস্ট) বগুড়া আইএইচটি শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত বিনম্র শ্রদ্ধা ও দোয়া মাহফিল শেষে এ দাবি তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার এবং সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেন্টাল সোসাইটি, বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আবু মো. ইউসুফ হাসান মামুন ও দপ্তর সম্পাদক ডা. তারেক আল জুবায়ের তুহিন।
দোয়া মাহফিল শেষে বগুড়া আইএইচটির দীর্ঘদিনের বঞ্চনা ও বৈষম্যের বিষয়টি জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকারের কাছে তুলে ধরেন আইএইচটি শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক দাউদ হোসেন সিয়াম।
তিনি বলেন, বাংলাদেশের প্রতিষ্ঠিত প্রথম দিকের তিনটি আইএইচটির মধ্যে বগুড়া আইএইচটি অন্যতম। বর্তমানে দেশে প্রায় ২০টি আইএইচটি থাকলেও দীর্ঘ ১৭ বছর ধরে বগুড়া আইএইচটি পূর্ণাঙ্গ আইএইচটির সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।
সিয়াম বলেন, দেশের অন্যান্য আইএইচটিতে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা ও উচ্চশিক্ষার পথ তৈরি হলেও বগুড়া আইএইচটি সেই সুযোগ থেকে পিছিয়ে রয়েছে। পূর্ণাঙ্গ আইএইচটির পরিবর্তে প্রতিষ্ঠানটি ম্যাটস হিসেবে পরিচালিত হওয়ায় শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত শিক্ষা ও পেশাগত সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন বলেও দাবি করেন তিনি।
এ সময় বগুড়া আইএইচটিকে পূর্ণাঙ্গ ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে রূপান্তর, প্রয়োজনীয় অবকাঠামো ও শিক্ষা সুবিধা নিশ্চিত এবং বিএসসি কোর্স চালুর জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে জেলা ছাত্রদলের সভাপতির সহযোগিতা কামনা করেন সিয়াম।
এদিকে, শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে হাবিবুর রশিদ সন্ধান সরকার বলেন, বগুড়া আসলেই বৈষম্যের শিকার ছিল। দীর্ঘ ১৭ বছরে বগুড়ায় কোন উন্নয়ন হয়নি। বগুড়ায় যদি উন্নয়ন থাকতো তাহলে বগুড়ার এই আইএইচটি পূর্ণাঙ্গ হতো। তাই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চেষ্টা করব আপনাদের পাশে থাকতে।
দোয়া শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর আপসহীন ভূমিকা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম নিয়ে আলোচনা করেন নেতাকর্মীরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বগুড়া আইএইচটি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল আমিন সিনহা, সিনিয়র সহ-সভাপতি সজিব, যুগ্ম সাধারণ সম্পাদক রিফাতসহ আশিক, নির্জন এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শিক্ষক ও শিক্ষার্থীরা।
মতামত