টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও বন্যায় বান্দরবানে প্রায় ১৮০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে জেলার দুর্গম এলাকার সঙ্গে যোগাযোগব্যবস্থা ব্যাহত হওয়ার পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, চিকিৎসা, শিক্ষা ও পর্যটন খাতে বড় ধরনের প্রভাব পড়েছে। ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংস্কার ও পুনর্নির্মাণে প্রাথমিকভাবে প্রায় ১৩৩ কোটি টাকা প্রয়োজন বলে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলো জানিয়েছে। এদিকে চলতি বর্ষায় পর্যটননির্ভর বিভিন্ন খাতে ৬০ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছে সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠন।
বান্দরবান সদর, রোয়াংছড়ি ও রুমার বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, কোথাও সড়কের একাংশ ধসে সরু হয়ে গেছে, কোথাও পিচ উঠে তৈরি হয়েছে বড় বড় গর্ত। আবার কোথাও পাহাড়ি ঢলে সড়কের পাশের মাটি সরে গিয়ে সৃষ্টি হয়েছে গভীর খাদ। ঝুঁকিপূর্ণ এসব স্থানে যানবাহন ও পথচারীদের সতর্ক করতে টাঙানো হয়েছে লাল নিশান।
রোয়াংছড়ি-রুমা সংযোগ সড়কের দেবতা পাহাড় ও খামতাং পাড়া এলাকাতেও সড়কের বিভিন্ন অংশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। স্থানীয়দের ভাষ্য, এসব সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় শুধু যান চলাচল নয়, কৃষিপণ্য বাজারজাত, রোগী পরিবহন ও শিক্ষার্থীদের যাতায়াতও কঠিন হয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, সাম্প্রতিক ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বেড়ে জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়। কোথাও পাহাড়ধস, কোথাও সড়কধসে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পানি নেমে গেলেও ক্ষতিগ্রস্ত সড়ক ও কৃষিজমিতে এখনো দুর্যোগের ক্ষত রয়ে গেছে।
রোয়াংছড়ি-কচ্ছপতলী সড়কের কচ্ছপতলী পাড়ার বাসিন্দা মংপ্রু মারমা বলেন, বন্যায় খালপারের সড়কের বেশ কিছু অংশ ধসে গেছে। এখন জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে চলাচল করতে হচ্ছে। দ্রুত সংস্কার না হলে দুর্ভোগ আরও বাড়বে।
কৃষিপণ্য পরিবহনে সংকট
বান্দরবানের পাহাড়ি অর্থনীতির বড় অংশ কৃষি ও ফলমূল উৎপাদননির্ভর। আম, কলা, আনারস, পেঁপে, ভুট্টা ও বিভিন্ন শাকসবজি দুর্গম এলাকার বাগান ও ক্ষেত থেকে সড়কপথে বিভিন্ন বাজারে পরিবহন করা হয়। কিন্তু সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় বড় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।
রুমার পাইকারি ব্যবসায়ী ইলিয়াস ও নাসির উদ্দিন জানান, চন্দাপাড়া, থোয়াইবতংপাড়া ও খামতাং এলাকার কয়েকটি আমবাগান তাঁরা নিয়েছেন। কিন্তু রুমা-রোয়াংছড়ি সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় বড় যানবাহন চলতে পারছে না। সময়মতো আম পরিবহন করা না গেলে পণ্য নষ্ট হয়ে বড় ধরনের লোকসানের আশঙ্কা রয়েছে।
টংকাবতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মায়াং ম্রো প্রদীপ বলেন, সড়কের অবস্থা খুবই খারাপ। কোনোভাবে মোটরসাইকেল চলাচল করলেও মাঝারি ও বড় যানবাহন চলাচল করতে পারছে না। দ্রুত সড়ক মেরামত করে যোগাযোগ স্বাভাবিক করা প্রয়োজন।
পর্যটনে ৬০ কোটি টাকার বেশি ক্ষতি
বান্দরবানের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ খাত পর্যটন। পাহাড়, ঝরনা, হ্রদ ও পর্বতশৃঙ্গকে ঘিরে গড়ে ওঠা হোটেল-মোটেল, রিসোর্ট, কটেজ, রেস্তোরাঁ, পর্যটকবাহী যান ও ট্যুরিস্ট গাইডনির্ভর ব্যবসা বর্ষার দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে।
পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বিভিন্ন পর্যটনকেন্দ্রে যাতায়াতের সমস্যা ও বিধিনিষেধের কারণে পর্যটকের সংখ্যা কমে গেছে। এতে হোটেল-মোটেল, রিসোর্ট-কটেজ, পরিবহন ও গাইডসহ পর্যটননির্ভর বিভিন্ন ব্যবসায় আয় কমেছে।
রুমার ট্যুরিস্ট গাইড আশীষ বড়ুয়া বলেন, বন্যা, পাহাড়ধস ও বৃষ্টির কারণে রাইক্ষ্যংপুকুর, ত্লাবং ঝর্ণা বা ক্লিবুং, রৈক্ষ্যং ফলস ও দুমলংয়ের মতো পর্যটনকেন্দ্রে যাতায়াত বন্ধ রয়েছে। এতে রুমায় পর্যটকের সংখ্যা অনেক কমেছে এবং পর্যটনসংশ্লিষ্টদের আয়-রোজগারও কমেছে।
বান্দরবান হোটেল-মোটেল ও রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও বিধিনিষেধের কারণে হোটেল-মোটেল, রিসোর্ট-কটেজ খাতে প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০ লাখ টাকা লোকসান হয়েছে। রেস্তোরাঁ, খাবারের দোকান, হস্তশিল্প, পরিবহনসহ পর্যটন খাতের অন্যান্য সেক্টর হিসাব করলে চলতি বর্ষায় ৬০ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।
১৮০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত
সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর তথ্য অনুযায়ী, সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ), স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আওতাধীন প্রায় ১৮০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।
সওজের নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন জানান, রাঙ্গামাটি-বান্দরবান সড়কের একটি বেইলি সেতু ধসসহ নাইক্ষ্যংছড়ির বাইশারী থেকে নাইক্ষ্যংছড়ি সদর-কক্সবাজার অভ্যন্তরীণ সড়কের প্রায় ৬৩ কিলোমিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রাথমিক ক্ষতির পরিমাণ প্রায় ৭৩ কোটি টাকা। ক্ষয়ক্ষতির হিসাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
এলজিইডির নির্বাহী প্রকৌশলী প্রতিপদ দেওয়ান জানান, রুমা-রোয়াংছড়ি-কচ্ছপতলী, সুয়ালক-সরই ও ব্রিকফিল্ড বাজার-চিম্বুক সড়কসহ প্রায় ৯০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব সড়কে ক্ষতির পরিমাণ প্রায় ৪০ কোটি টাকা। বরাদ্দ পাওয়া গেলে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কারকাজ শুরু করা হবে।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াছির আরাফাত জানান, বোর্ডের আওতাধীন প্রায় ২৫ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ২১ কোটি টাকা।
সড়কগুলো দ্রুত সংস্কার না হলে বান্দরবানের দুর্গম এলাকার মানুষের দুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। যোগাযোগব্যবস্থা স্বাভাবিক না হলে কৃষিপণ্য বাজারজাত, জরুরি চিকিৎসা, শিক্ষা ও পর্যটননির্ভর অর্থনীতিতেও এর দীর্ঘমেয়াদি প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
মতামত