দেশের ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক সম্পদ রক্ষায় দিনাজপুরে উদ্ধার করা ৭টি প্রাচীন মূর্তি ও প্রত্নসম্পদ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এসব প্রত্নসম্পদ কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘরের সহকারী কাস্টোডিয়ান মো. শিহাব হোসেনের কাছে হস্তান্তর করে।
বিজিবি সূত্রে জানা যায়, গত ৫ জুলাই দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচুন্ডি মালিপাড়া ও কাহারোল উপজেলার ইছাইল এলাকায় অভিযান চালিয়ে তিনটি প্রাচীন পাথরের মূর্তি উদ্ধার করে ৪২ বিজিবি। এছাড়া বিভিন্ন সময়ে বিরল ও খানসামা উপজেলার বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা আরও চারটি প্রত্নসম্পদ বিজিবির হেফাজতে ছিল। আদালত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সবগুলো প্রত্নসম্পদ মঙ্গলবার প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে ৩০ এপ্রিল ২০২৬ তারিখে ৩০ কেজি ৬০০ গ্রাম, ৪৫ কেজি ৩৭০ গ্রাম ওজনের তিনটি প্রাচীন পাথরের মূর্তি পাহাড়পুর প্রত্নতাত্ত্বিক জাদুঘরে এবং ১১ মে ৯ কেজি ৫৪০ গ্রাম ওজনের একটি প্রাচীন পাথরের মূর্তি কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘরে হস্তান্তর করে ৪২ বিজিবি।
দিনাজপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, প্রত্নসম্পদ একটি জাতির ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয়ের গুরুত্বপূর্ণ নিদর্শন। এসব সম্পদের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক মূল্য অপরিসীম। প্রত্নসম্পদের অবৈধ পাচার ও ধ্বংস রোধে বিজিবি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান জোরদারের পাশাপাশি উদ্ধার হওয়া প্রত্নসম্পদ যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের মাধ্যমে সংরক্ষণ নিশ্চিত করা হচ্ছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রত্নসম্পদ পাচারসহ মাদক, মানবপাচার, অস্ত্র ও অন্যান্য আন্তঃসীমান্ত চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।
মতামত