স্থানীয় জনগণকে দ্রুত ও নিরবচ্ছিন্ন সরকারি সেবা দেওয়ার লক্ষ্যে বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে ভবন নির্মাণের জন্য নির্ধারিত জমির বায়না দলিল রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ কফিল উদ্দিন, বিভিন্ন ওয়ার্ডের সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে জমির বায়না দলিল রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয়।
দীর্ঘদিন ধরে উপযুক্ত জায়গার অভাবে নয়াপাড়া ইউনিয়ন পরিষদের স্থায়ী ভবন নির্মাণের কার্যক্রম আটকে ছিল। স্থায়ী ভবন না থাকায় জীর্ণ ও অপ্রশস্ত অস্থায়ী কার্যালয় থেকে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতে গিয়ে পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও সেবা নিতে আসা সাধারণ মানুষকে নানা ভোগান্তিতে পড়তে হচ্ছিল।
সংশ্লিষ্টরা জানান, বায়না দলিল রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ায় ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি ধাপ অতিক্রম হয়েছে। স্থানীয় প্রতিনিধি ও এলাকাবাসীর আর্থিক সহযোগিতায় জমি নির্ধারণ ও রেজিস্ট্রেশনের কার্যক্রম সম্পন্ন হওয়ায় ভবন নির্মাণের পথ আরও সুগম হয়েছে।
নতুন ভবন নির্মাণ হলে ইউনিয়নের বাসিন্দারা একটি আধুনিক ও উন্নত পরিবেশে এক ছাদের নিচে সরকারি বিভিন্ন সেবা গ্রহণের সুযোগ পাবেন বলে আশা করছেন স্থানীয়রা।
মতামত