বান্দরবানের লামায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ক্রীড়াক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী ৪৫ জন খেলোয়াড় ও প্রতিযোগীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন। এ সময় লামা থানার তদন্ত ওসি মো. নজরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সোলায়মান আহমেদ, সহকারী তথ্য কর্মকর্তা রাশেদুল হক রাসেল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ময়নুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব চৌধুরী মুহাম্মদ সুজন, মহামুনি শিশু সদনের প্রতিষ্ঠাতা ও আন্তর্জাতিক কারাতে রেফারি সি মং, জাতীয় ক্রীড়াবিদ ও ২০১০ সালের স্বর্ণপদকপ্রাপ্ত কারাতে খেলোয়াড় জয়প্রু মার্মাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ৩০তম জাতীয় কারাতে প্রতিযোগিতা-২০২৬, ১০ম সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ ও ২য় অনূর্ধ্ব সাউথ এশিয়ান কারাতে কাপ-২০২৬ এবং নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৫-২৬-এর বিভিন্ন ইভেন্টে সাফল্য অর্জনকারী খেলোয়াড়দের সম্মাননা দেওয়া হয়।
৩০তম জাতীয় কারাতে প্রতিযোগিতায় পুরুষ বিভাগে সিংক্যউ একটি স্বর্ণ ও একটি তাম্রপদক, রেংহিন ম্রো এবং ছেনথাইজ্য রাখাইন একটি করে স্বর্ণপদক অর্জন করেন। মহিলা বিভাগে রুইতুম স্রো, টুম্পং ম্রো, ছাইনুয়ই মার্মা ও সিংতাজাংপ্রু একটি করে রৌপ্যপদক অর্জন করেন।
১০ম সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ ও ২য় অনূর্ধ্ব সাউথ এশিয়ান কারাতে কাপ-২০২৬-এ পুরুষ বিভাগে মেনপং ম্রো, রেংখন ম্রো, রেংওয়াই ম্রো ও ওয়েনথেন স্বর্ণপদক এবং রেংনিক ম্রো তাম্রপদক অর্জন করেন।
মহিলা বিভাগে য়ুংপাও ম্রো দুটি স্বর্ণপদক এবং চামরু স্রো, হ্রাহানু স্রো ও এম্যাসিং মার্মা একটি করে স্বর্ণপদক অর্জন করেন। উনুসাই মার্মা, উখিংওয়াং চাক ও সাইমেথুই মার্মা একটি করে রৌপ্যপদক এবং সিংতাজাংপ্রু একটি রৌপ্য ও একটি তাম্রপদক অর্জন করেন।
এ ছাড়া নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৫-২৬-এর মার্শাল আর্টে পুরুষ বিভাগে ক্লাময়া স্রো রৌপ্য ও রেংচুম স্রো তাম্রপদক এবং মহিলা বিভাগে মুংপাও স্রো স্বর্ণপদক অর্জন করেন। নতুন কুঁড়ি স্পোর্টসের চ্যাম্পিয়ন ফুটবল দলের খেলোয়াড়দেরও সংবর্ধনা দেওয়া হয়।
দাবা প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী জান্নাতুল মাওয়া, দমেসিং মার্মা, নবেল চাকমা ও মো. সাজ্জাদুল ইসলামকেও সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, লামার তরুণ-তরুণীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনের মাধ্যমে এলাকার সুনাম বয়ে আনছেন। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব, আত্মবিশ্বাস ও প্রতিযোগিতার মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তারা প্রতিভাবান খেলোয়াড়দের নিয়মিত প্রশিক্ষণ, প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের সুযোগ বাড়ানোর আহ্বান জানান।
আয়োজকরা জানান, লামার প্রত্যন্ত অঞ্চলে অনেক প্রতিভাবান খেলোয়াড় থাকলেও পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবে তাদের প্রতিভার বিকাশ বাধাগ্রস্ত হয়। এসব খেলোয়াড়কে উৎসাহিত করা এবং তাদের অর্জনের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যেই এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও ক্রীড়াবিদদের পাশে থেকে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
মতামত