নওগাঁর মহাদেবপুরে রামরায়পুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মামুনুর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামরায়পুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হারুনুর রশীদ।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু বিদ্যালয় বা মাদ্রাসায় পাঠালেই অভিভাবকের দায়িত্ব শেষ হয় না। সন্তানের পড়াশোনার প্রতি নিয়মিত খোঁজখবর রাখা, সময়মতো মাদ্রাসায় পাঠানো, তার বন্ধু-বান্ধব ও চলাফেরার বিষয়ে সচেতন থাকা এবং নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করা অভিভাবকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। শিক্ষক ও অভিভাবকদের মধ্যে নিয়মিত যোগাযোগ থাকলে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি আচরণগত ও নৈতিক উন্নয়নও সম্ভব।
এক অভিভাবক বলেন, “শুধু ভালো ফলাফল করাই শিক্ষার উদ্দেশ্য নয়। সন্তান যেন একজন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠে, সেদিকেও আমাদের নজর দিতে হবে। এজন্য মাদ্রাসার শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও নিয়মিত দায়িত্ব পালন করতে হবে।”
আরেক অভিভাবক বলেন, “আমরা চাই আমাদের সন্তানরা ভালোভাবে পড়াশোনা করে ভবিষ্যতে প্রতিষ্ঠিত হোক। এজন্য শিক্ষকরা যেভাবে পরিশ্রম করছেন, আমরাও বাড়িতে তাদের পড়াশোনার পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করব। সন্তানের কোনো সমস্যা হলে শিক্ষক ও অভিভাবক একসঙ্গে কাজ করলে সেটি সহজেই সমাধান করা সম্ভব।”
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করা এবং তাদের ভবিষ্যৎ গঠনে অভিভাবকদের সম্পৃক্ততা বাড়াতেই এ সমাবেশের আয়োজন করা হয়েছে। অভিভাবকদের সচেতনতা ও সহযোগিতা বাড়ানো গেলে শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়নের পাশাপাশি তাদের নৈতিক ও সামাজিক মূল্যবোধও বিকশিত হবে।
মতামত