দিনাজপুরের বিরামপুরে একটি পার্কে অসামাজিক কার্যকলাপের অভিযোগে অভিযান চালিয়ে আটটি ঘর সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অসামাজিক কার্যকলাপের বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে বিরামপুর পৌরশহরের এ্যাকুয়াথিম পার্কে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা খাতুন। অভিযানে বিরামপুর থানা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে পার্কের কয়েকটি ঘরে অনৈতিক কার্যকলাপ পরিচালনার অভিযোগ আসছিল। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ার পাশাপাশি বেশ কিছু আলামত উদ্ধার করা হয়। তবে অভিযানকালে কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। পরে পার্কের আটটি ঘর সিলগালা করে কর্তৃপক্ষকে সতর্ক করা হয়।
বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা খাতুন বলেন, এ্যাকুয়াথিম পার্কের ভেতরে অসামাজিক কার্যকলাপ চলছে—এমন অভিযোগ কয়েক দিন ধরে পাওয়া যাচ্ছিল। আমরা সেখানে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পেয়েছি। অভিযানকালে কাউকে উপস্থিত পাওয়া যায়নি, তবে অসামাজিক কার্যকলাপের বেশ কিছু আলামত পাওয়া গেছে। এ কারণে আটটি ঘর সিলগালা করা হয়েছে এবং কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।
মতামত