বুলবুল হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে স্থানীয় থানা প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর প্রতিনিধিদল। রবিবার (২৩ আগস্ট, ২০২৬) নারায়ণগঞ্জ বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামাল উদ্দিন এর কার্যালয়ে এই মতবিনিময় ও সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল জব্বার এবং দলের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মাইনুদ্দীন আহমেদ সহ মহানগর জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ। এই সময় জামায়াত নেতা-কর্মীরা থানার ওসির কক্ষে অবস্থান নিয়ে হত্যাকাণ্ডের সার্বিক পরিস্থিতি এবং মামলার গতিপ্রকৃতি নিয়ে আলোচনা করছেন।
এসময় উপস্থিত নেতৃবৃন্দ অভিযোগ করেন, ঘটনার পেছনের মূল আসামিদের আড়াল করার চেষ্টা করা হলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়তে পারে। তাই কোনো প্রকার পক্ষপাতিত্ব ছাড়া স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানান তারা।
কোনো প্রভাবশালী ব্যক্তির চাপে যেন তদন্তের গতি ব্যাহত না হয় এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করা হয়। চাঞ্চল্যকর এই হত্যার সাথে জড়িত সকল অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ। নিহতের পরিবারের নিরাপত্তা প্রদান ও দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার দাবি।
এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামাল উদ্দিন জামায়াত নেতাদের কথা মনোযোগ সহকারে শোনেন এবং আশ্বাস দিয়ে জানান যে, পুলিশ সম্পূর্ণ পেশাদারিত্বের সাথে মামলাটির তদন্ত কার্যক্রম পরিচালনা করছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে খুব শীঘ্রই আসামিদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হবে। সাক্ষাৎকালে জামায়াতে ইসলামীর স্থানীয় পর্যায়ের শীর্ষস্থানীয় ও বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মতামত