কবিরাজি চিকিৎসা ও ঝাড়ফুঁকের মাধ্যমে চিকিৎসার কথা বলে ফরিদপুরের বোয়ালমারীতে ১৫ বছর বয়সী এক কিশোরীকে যৌন নিপীড়নের দায়ে মো. হানিফ শেখ (৫১) নামে এক কবিরাজকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। নির্ধারিত অর্থ পরিশোধে ব্যর্থ হলে অতিরিক্ত ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাকে।
সোমবার (২৪ আগস্ট) দুপুর দেড়টার দিকে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় দেন। রায় ঘোষণার দিন আসামি আদালতে উপস্থিত না থাকায় তাকে গ্রেপ্তারের জন্য পরোয়ানা জারি করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত হানিফ শেখ বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া গ্রামের বাসিন্দা। এলাকায় তিনি কবিরাজ হিসেবে পরিচিত ছিলেন। নিজ বাড়িতে রোগীদের ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসা দেওয়ার মাধ্যমে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতেন তিনি।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ২১ মার্চ চিকিৎসার উদ্দেশ্যে ওই কিশোরীকে হানিফ শেখের কাছে নিয়ে যাওয়া হয়। প্রথম দিন ঝাড়ফুঁক করার পর পরদিন আবার চিকিৎসার কথা বলে কিশোরীকে নিজের ঘরে নিয়ে যান তিনি। সুযোগে চিকিৎসার আড়ালে কিশোরীর ওপর যৌন নিপীড়ন চালানো হয়।
ঘটনাটি পরিবারের কাছে প্রকাশ করার পর ভুক্তভোগীর বাবা আইনি ব্যবস্থা নেন। ২০২৫ সালের ২৪ মার্চ তিনি বোয়ালমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় হানিফ শেখকে একমাত্র আসামি করা হয়।
পরবর্তীতে মামলাটি তদন্ত শেষে বিচারিক কার্যক্রমে যায়। আদালতে উপস্থাপিত সাক্ষ্য, নথি ও অন্যান্য প্রমাণ পর্যালোচনা করে হানিফ শেখকে অপরাধের জন্য দায়ী সাব্যস্ত করা হয়। এরপর আদালত তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপ) গোলাম রব্বানী ভূইয়া বলেন, চিকিৎসার নামে কোনো ব্যক্তির সঙ্গে যৌন নিপীড়নের মতো অপরাধ অত্যন্ত গুরুতর। আদালতের রায়ের মধ্য দিয়ে অপরাধের শাস্তি নিশ্চিত হয়েছে। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।
মতামত