সৈয়দপুর-পার্বতীপুর সড়কে দুই ব্যক্তির বিরুদ্ধে ভ্যান নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ
‘ভ্যানটা নিয়ে গেল, চাবিটা শুধু আমার হাতে। এখন আমি কী করব? বাবা-মাকে কী জবাব দেব? সংসার চলবে কীভাবে?’—হাতে চার্জার ভ্যানের চাবি, চোখে পানি আর দুশ্চিন্তা নিয়ে সড়কের পাশে বসে কাঁদছিল ১৪ বছরের রেজওয়ান।
পরিবারের আয়ের অন্যতম অবলম্বন চার্জার ভ্যানটি প্রতারণার মাধ্যমে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে নীলফামারীর সৈয়দপুর-পার্বতীপুর সড়কে এ ঘটনা ঘটে।
রেজওয়ান নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার উত্তর বাহাগিলি ডাঙ্গাপাড়া এলাকার ওলিয়ার রহমানের ছেলে। তার পরিবারের দাবি, ভ্যানটি হারিয়ে যাওয়ায় তারা চরম বিপাকে পড়েছেন।
রেজওয়ানের ভাষ্য, রংপুরের তারাগঞ্জ উপজেলা বাজার থেকে দুই ব্যক্তি সৈয়দপুরের একটি বাসা থেকে মালামাল নিয়ে যাওয়ার কথা বলে তাকে একটি চার্জার ভ্যানসহ ভাড়ায় নিয়ে আসেন। একই সঙ্গে আরেকজন ভ্যানচালকও তাদের সঙ্গে ছিলেন।
রেজওয়ান বলেন, সৈয়দপুর-পার্বতীপুর সড়কের একটি স্থানে পৌঁছানোর পর ওই দুই ব্যক্তি তাকে রাস্তার অপর পাশের একটি দোকান থেকে পান আনতে বলেন। তাদের কথামতো তিনি পান আনতে গেলে ফিরে এসে দেখেন, তার চার্জার ভ্যান, অপর ভ্যানচালক এবং ওই দুই ব্যক্তি কেউই সেখানে নেই।
এ সময় তার হাতে শুধু ভ্যানের চাবি ছিল। বিষয়টি বুঝতে পেরে রেজওয়ান কান্নায় ভেঙে পড়ে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে শান্ত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাটি জানার পর এক ভ্যানচালক মোবাইল ফোনে রেজওয়ানের এলাকার এক পরিচিত ভ্যানচালককে বিষয়টি জানান। পরে খবর পেয়ে অসুস্থ বাবা ও স্বজনরা ঘটনাস্থলে এসে রেজওয়ানকে বাড়িতে নিয়ে যান।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি দেখে তিনি শিশুটির ভ্যান হারানোর ঘটনা সম্পর্কে জানতে পেরেছেন। তবে এ বিষয়ে এখনো থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।
তিনি বলেন, সৈয়দপুর এলাকায় এ ধরনের কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে শহরজুড়ে পুলিশের টহল বাড়ানো হয়েছে। যেসব ঘটনার তথ্য পুলিশ পাচ্ছে, সেগুলো নিয়ে কাজ করা হচ্ছে।
পরিবারের একমাত্র আয়ের অবলম্বন হারিয়ে রেজওয়ান ও তার পরিবার এখন চরম দুশ্চিন্তায় রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে চার্জার ভ্যানটি উদ্ধার এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্বজনরা।
মতামত