রাজনীতিতে নেতৃত্বের মূল্যায়ন শুধু কর্মসূচিতে উপস্থিতি কিংবা স্লোগানে সীমাবদ্ধ নয়। বরং সংগঠনকে কতটা সুসংগঠিত করা যায়, কর্মীদের কতটা আস্থায় রাখা যায় এবং মানুষের প্রয়োজনে কতটা দায়িত্বশীল ভূমিকা রাখা যায় - তার ওপরই নির্ভর করে নেতৃত্বের গ্রহণযোগ্যতা। বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার ও সাধারণ সম্পাদক এম রাকিবুল হাসান পলাশকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে তেমনই এক আস্থা ও ভালোবাসার জায়গা। তৃণমূলের মূল্যায়নে উঠে এসেছে তাদের দায়িত্বশীলতা, কর্মীবান্ধব মনোভাব এবং সংগঠনের প্রতি দুজনের আন্তরিকতার চিত্র।
কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা, সাংগঠনিক বিষয়গুলোতে গুরুত্ব দেওয়া এবং আন্দোলন-সংগ্রাম থেকে শুরু করে দলীয় সকল কর্মসূচিতে নেতাকর্মীদের সম্পৃক্ত করার ক্ষেত্রে তাদের ভূমিকার কথা তুলে ধরছেন সহকর্মীরা। শৃঙ্খলার সঙ্গে দলীয় সকল কর্মসূচি এবং মানবিক বিভিন্ন উদ্যোগে তাদের সক্রিয় উপস্থিতিকে ইতিবাচকভাবে দেখছেন সংশ্লিষ্টরা। যার ধারাবাহিকতায় অনেকের মুখেই তাই শোনা যায়, ‘সন্ধান-পলাশ পরিষদ, সবার সেরা পরিষদ।’
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের আস্থা বাস্তবায়ন করতে হলে একটি শক্তিশালী, সুশৃঙ্খল, মানবিক ও জনসম্পৃক্ত ছাত্রসংগঠন গড়ে তুলতে হবে। সেই লক্ষ্য সামনে রেখেই ব্যক্তিগত জনপ্রিয়তার চেয়ে সংগঠনের স্বার্থ, কর্মীদের মূল্যায়ন এবং বাস্তব ও জনকল্যাণমুখী কর্মকাণ্ডকে অগ্রাধিকার দেওয়াই হতে পারে আদর্শ নেতৃত্বের সবচেয়ে বড় পরিচয়। আর সে পথেই এগিয়ে যাচ্ছে বগুড়ার এই তরুণ, শিক্ষিত ও মার্জিত দুই নেতৃত্ব।
এদিকে, বিএনপির আসন্ন ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরেও বগুড়া জেলা ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও তৎপরতা শুরু হয়েছে বলে জানা গেছে। কর্মসূচিকে সফল করতে আলোচনা সভা, নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং সাংগঠনিক প্রস্তুতিতে দিনরাত কাজ করছেন সংগঠনের নেতারা।
সরেজমিনে বগুড়ার বিভিন্ন ইউনিট ঘুরে দেখা যায়, ছাত্রদলের কর্মতৎপরতার পরিধি শহর ছাড়িয়ে উপজেলা, পৌর, কলেজ ও ওয়ার্ড পর্যায় পর্যন্ত বিস্তৃত। প্রতিটি ইউনিটে নিয়মিত সাংগঠনিক কার্যক্রম, দলীয় কর্মসূচি পালন, সভা-সমাবেশ, নেতাকর্মীদের অংশগ্রহণ, আন্দোলন এবং সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার মধ্য দিয়ে তৃণমূল পর্যায়ে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন নেতাকর্মীরা।
সংগঠনকে আরও গতিশীল ও সক্রিয় রাখতে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ইউনিটের কমিটি পুনর্গঠন ও বিলুপ্তির সিদ্ধান্তও জেলা ছাত্রদলের সাংগঠনিক তৎপরতায় গুরুত্ব পাচ্ছে বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় কিংবা সাংগঠনিকভাবে দুর্বল ইউনিটগুলোতে পরিবর্তনের মাধ্যমে নতুন নেতৃত্ব ও কর্মচাঞ্চল্য তৈরির পাশাপাশি যোগ্য ও সক্রিয় নেতাকর্মীদের সামনে এগিয়ে আসার সুযোগ তৈরি করা হচ্ছে। সাংগঠনিক দায়িত্বে থাকা ব্যক্তিদের মতে, সংগঠনের কাঠামোকে সক্রিয় রাখতে তৃণমূলের কর্মীদের সম্পৃক্ততা বাড়ানো এবং নতুন নেতৃত্বকে বিকশিত করার ক্ষেত্রে এ ধরনের সাংগঠনিক সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও মানবিক কার্যক্রমেও বগুড়ার ছাত্রদলের নিয়মিত অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে। বৃক্ষরোপণ ও সচেতনতামূলক কর্মসূচি থেকে শুরু করে রক্তদানের মতো মানবিক উদ্যোগে ব্যস্ত সময় পার করছেন নেতাকর্মীরা। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ, বিভিন্ন সময় অসহায়দের পাশে দাঁড়ানো ও পবিত্র মাহে রমজানে ইফতার সামগ্রী বিতরণেও অংশ নিয়েছেন তারা।
শিক্ষার্থীদের বিভিন্ন যৌক্তিক বিষয়েও পাশে থাকার কথা জানিয়েছেন শিক্ষাপ্রতিষ্ঠানের নেতারা। তাদের ভাষ্য, ছাত্রসংগঠনের কার্যক্রম শুধু রাজনৈতিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে শিক্ষার্থী ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর সুযোগ রয়েছে এসব কর্মকাণ্ডের মাধ্যমে।
তবে শিক্ষা-সংক্রান্ত সমস্যা ও শিক্ষার্থীদের যৌক্তিক দাবির বিষয়ে পূর্বেও দায়িত্বশীল ভূমিকায় ছিল বগুড়া জেলা ছাত্রদল। জানা গেছে, তাদের সহযোগিতার পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিনামূল্যে পাঠশালা চালুর মতো উদ্যোগও নিয়েছে সংঠনটি।
ইউনিটভেদে কর্মসূচির ধরন ও পরিসরে ভিন্নতা থাকলেও সংগঠন প্রতি নেতাকর্মীদের সক্রিয়তা, দায়িত্ববোধ ও শৃঙ্খলার জায়গায় রয়েছে দৃশ্যমান ভূমিকা। সরেজমিনে বিভিন্ন ইউনিটের কর্মকাণ্ডে পাওয়া এই কর্মচাঞ্চল্য ও সুসংগঠিত উপস্থিতির পেছনে নেতৃত্বের দিকনির্দেশনা যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, সেটিই মনে করেন বিশ্লেষকরা। আর সেই নেতৃত্বের কেন্দ্রবিন্দুতে রয়েছেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার ও সাধারণ সম্পাদক এম রাকিবুল হাসান পলাশ।
জেলার রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, একটি ছাত্রসংগঠনের নেতৃত্বের প্রকৃত সাফল্য কেবল কর্মসূচির সংখ্যা দিয়ে পরিমাপ করা যায় না। বরং সময়ের প্রয়োজনে কতটা দায়িত্বশীল, সংগঠনের প্রতি কতটা নিবেদিত এবং কর্মীদের কাছে কতটা গ্রহণযোগ্য - তার মধ্যেই নেতৃত্বের স্থায়িত্ব নিহিত। সেই বিবেচনায় বগুড়া জেলা ছাত্রদলের বর্তমান নেতৃত্বের সামনে যেমন রয়েছে সংগঠনের আদর্শকে আরও বিস্তৃত করার সুযোগ, তেমনি রয়েছে তৃণমূলের প্রত্যাশা পূরণের বড় দায়িত্বও।
এদিকে, সন্ধান ও পলাশের দীর্ঘদিনের শুভাকাঙ্ক্ষীদের বক্তব্যে বারবার উঠে এসেছে ‘আস্থা’ শব্দটি। তাদের ভাষায়, একজন নেতার সবচেয়ে বড় শক্তি তার পদ নয় - তার সহকর্মীদের বিশ্বাস ও ভালোবাসা। কর্মীরা যখন মনে করেন, প্রয়োজনে তাদের নেতা পাশে থাকবেন, তখন সাংগঠনিক বন্ধনও শক্তিশালী হয়। কর্মীবান্ধব দুই নেতাকে নিয়ে নিয়ে ঘনিষ্ঠজনদের মূল্যায়নেও উঠে আসে সেই আস্থার বিষয়টি। তারা জানান, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং তাদের কথা শোনার মানসিকতাই সচেতন মহলে তাদের নেতৃত্বের প্রতি ইতিবাচক ধারণা তৈরি করেছে।
শেষ পর্যন্ত একজন নেতার সবচেয়ে বড় অর্জন কোনো পদ-পদবি নয়, বরং কর্মীদের হৃদয়ে তৈরি হওয়া আস্থা, ভালোবাসা ও নির্ভরতার জায়গা। হাবিবুর রশিদ সনধান ও রাকিবুল হাসান পলাশকে ঘিরে তৃণমূলের যে বিশ্বাস ও প্রত্যাশা তৈরি হয়েছে, সেটিই তাদের নেতৃত্বের সবচেয়ে বড় শক্তি বলে মনে করছেন সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীরা। রাজনীতির পথ কখনোই সহজ নয়, সময়ের সঙ্গে সামনে আসবে নানা চ্যালেঞ্জও। তবে কর্মীদের ভালোবাসা, সংগঠনের প্রতি দায়বদ্ধতা এবং মানুষের পাশে থাকার মানসিকতা যদি অটুট থাকে, তাহলে সেই পথচলা আরও দীর্ঘ ও অর্থবহ হবে। আজকের এই আস্থাই হয়তো নেতৃত্বের সবচেয়ে বড় পরিচয়। আর এই পরিচয় সঙ্গে নিয়েই যেন আরও সুসংগঠিত, মানবিক ও কর্মীবান্ধব ছাত্রসংগঠন গড়ে তোলার প্রত্যাশায় সন্ধান ও পলাশের সাথে এগিয়ে যেতে চায় বগুড়া জেলা ছাত্রদল।
মতামত