নওগাঁর বদলগাছীতে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আজ মঙ্গলবার (১লা সেপ্টেম্বর)সকাল ১০ টায় বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ও ৪৮ নওগাঁ-৩(মহাদেবপুর-বদলগাছী) আসনের মাননীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুলের সভাপতিত্বে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনটির কর্মসূচি শুরু হয়। পরে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি বদলগাছী চারমাথা থেকে শুরু হয়ে মিনি স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে বদলগাছী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আরাফাত রহমান কোকোসহ সকলের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বিএনপির আদর্শ ও নীতি তুলে ধরে দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভায় এমপি ফজলে হুদা বলেন, " দীর্ঘ ৪৮ বছরের রাজনৈতিক পথচলায় বিএনপি দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।এখন আমাদের দলকে সুসংগঠিত করতে হবে। এখন উন্নয়নের কর্মসূচি চলছে, কী কী করেছি এবং কী কী পরিকল্পনা আছে সব হবে ইনশাআল্লাহ।আমরা দেখেছি কারা আন্দোলন সংগ্রামে ছিল। যারা এই দীর্ঘ আন্দোলন সংগ্রামে ছিলেন, তারা এই ৫ বছরের মধ্যে অবশ্যই কোন না কোনভাবে মূল্যায়িত হবেন।"
অনুষ্ঠানটিতে উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী, সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডো, সিনিয়র সহ-সভাপতি জাকির চৌধুরী এবং যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দলসহ অন্যান্য অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
মতামত