চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজের শুরুতেই নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। কাজ শুরুর মাত্র এক সপ্তাহের মধ্যে সড়কের সাইড ওয়াল নির্মাণে ব্যবহৃত বালি ও ঢালাইয়ের পুরুত্ব নিয়ে আপত্তি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
গত ২৫ আগস্ট বিকেলে চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ সড়কটির সংস্কারকাজের উদ্বোধন করেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে প্রকল্পটির কাজ বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মরিয়ম ট্রেডিং। কাজ শেষ করার জন্য ঠিকাদারকে ১৫০ দিন বা প্রায় ছয় মাস সময় দেওয়া হয়েছে।
প্রায় ১ হাজার ২০০ মিটার দীর্ঘ সড়কটি কার্পেটিং ও আরসিসি ঢালাইয়ের মাধ্যমে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে সড়কের বিভিন্ন অংশে সাইড ওয়াল নির্মাণের কাজ চলছে।
সরেজমিনে দেখা যায়, সাইড ওয়াল নির্মাণের জন্য ব্যবহৃত ভরাট বালিতে কাদা ও মাটির উপস্থিতি রয়েছে। একই সঙ্গে ১০ ইঞ্চি সাইড ওয়ালের নিচে দেওয়া ঢালাইয়ের পুরুত্ব নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, কার্যাদেশ অনুযায়ী সেখানে তিন ইঞ্চি পুরু ঢালাই দেওয়ার কথা থাকলেও বাস্তবে প্রায় দেড় ইঞ্চি পুরু ঢালাই দেওয়া হচ্ছে।
স্থানীয় বাসিন্দা লোকমান হোসেন মিন্টু, আনন্দ শুশীল ও রাজেন্দ্র নাথের অভিযোগ, সড়কের পাশের সাইড ওয়াল নির্মাণে কাদা-মাটি মিশ্রিত বালি ব্যবহার করা হচ্ছে। এ বিষয়ে ঠিকাদারের দায়িত্বে থাকা ব্যক্তিকে অবহিত করা হলে তিনি তাদের জানান, নিচের অংশের কাজে এ ধরনের বালি ব্যবহার করা হচ্ছে; তবে ওয়ালের গাঁথুনি ও ওপরের অংশের কাজে উন্নতমানের বা ফ্রেশ বালি ব্যবহার করা হবে।
তাদের আরও অভিযোগ, ১০ ইঞ্চি সাইড ওয়ালের নিচে তিন ইঞ্চি পুরু ঢালাই দেওয়ার কথা থাকলেও সেখানে প্রায় দেড় ইঞ্চি পুরু ঢালাই দেওয়া হচ্ছে। এতে নির্মাণকাজের স্থায়িত্ব ও সড়কের ভবিষ্যৎ টেকসই হওয়া নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
স্থানীয়রা বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি চলাচলের দুর্ভোগের কারণ হয়ে ছিল। সংস্কারকাজ শুরু হওয়ায় তারা আশাবাদী। তাদের ভাষ্য, “কাজে কেউ বাধা দিচ্ছে না, ঠিকাদারের কাছ থেকেও কেউ চাঁদা দাবি করছে না। আমরা চাই, কার্যাদেশ অনুযায়ী ভালো মানের নির্মাণসামগ্রী ব্যবহার করে কাজটি যথাযথভাবে শেষ করা হোক। এতে সড়কটি দীর্ঘদিন টেকসই হবে।”
অভিযোগের বিষয়ে মরিয়ম ট্রেডিংয়ের স্বত্বাধিকারী ঠিকাদারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি নিজের নাম ও প্রতিষ্ঠানের নাম জানাতে অনাগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, “আমার প্রতিষ্ঠান ও নাম দিয়ে আপনি কী করবেন? আপনি সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করেন, চা খেয়ে যান।”
ভরাট বালি ব্যবহারের বিষয়ে তিনি বলেন, “ভরাট বালি ১০ ইঞ্চি ওয়ালের নিচে দেওয়ার জন্য আনা হয়েছে। ওয়ালের গাঁথুনি ও ঢালাইয়ের কাজে ভালো বালি ব্যবহার করা হচ্ছে।” কাজের সময়সীমা সম্পর্কে তিনি বলেন, “কাজের মেয়াদ ছয় মাস দেওয়া হয়েছে।”
এ বিষয়ে চন্দনাইশ উপজেলা প্রকৌশলী সৈয়দ আসিফ মোহাম্মদ বলেন, “কাজ এখনো চলমান। কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট ঠিকাদারকে তা পুনরায় ঠিক করে দিতে হবে। এ ছাড়া এখনো ঠিকাদারকে কোনো বিল পরিশোধ করা হয়নি।”
স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রকল্পের প্রাথমিক পর্যায়েই নির্মাণকাজের মান নিয়ে ওঠা অভিযোগগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সরেজমিনে যাচাই করা প্রয়োজন। তাদের প্রত্যাশা, অনুমোদিত নকশা ও কার্যাদেশ অনুসরণ করে মানসম্মত নির্মাণসামগ্রী ব্যবহার নিশ্চিত করা হবে। একই সঙ্গে সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করে সড়কটি দীর্ঘস্থায়ী ও জনবান্ধবভাবে নির্মাণ করা হবে।
মতামত