মাদকের কুফল রোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান চেয়ারম্যান সোহাগের
দিনাজপুরের পার্বতীপুরে মাদকের ভয়াবহতা ও এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে গণসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) উপজেলার ১০ নম্বর হরিরামপুর ইউনিয়নের পাঁচপুকুরিয়া এলাকায় এ সভার আয়োজন করা হয়।
১০ নম্বর হরিরামপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম সোহাগ। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সভায় চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম সোহাগ বলেন, মাদক একটি পরিবার, একটি প্রজন্ম এবং পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। তাই শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর না করে মাদকের বিরুদ্ধে পরিবার ও সমাজের প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, তরুণ ও যুবসমাজ দেশের ভবিষ্যৎ। তাদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক মূল্যবোধের চর্চা বাড়াতে হবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
চেয়ারম্যান আরও বলেন, ১০ নম্বর হরিরামপুর ইউনিয়নকে মাদকমুক্ত রাখতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। মাদকের কারণে কোনো পরিবার যেন ধ্বংস না হয়, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আলোচনায় বক্তারা বলেন, মাদকাসক্তি বর্তমানে শুধু ব্যক্তিগত সমস্যা নয়; এটি পরিবার, সমাজ ও জননিরাপত্তার ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। মাদকের বিস্তার ঠেকাতে সচেতনতার পাশাপাশি মাদক সরবরাহ ও বিক্রির বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা।
সভায় মাদকের কুফল, মাদকাসক্তির কারণে পারিবারিক ও সামাজিক বিপর্যয় এবং তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করা হয়।
মতামত