দিনাজপুরের পার্বতীপুরে নেসকোর প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে বিক্ষোভ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। গ্রাহক হয়রানি ও অতিরিক্ত আর্থিক চাপের অভিযোগ তুলে রোববার বিকেলে পৌর শহরের গুলপাড়ায় নাগরিক কমিটির ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে নেসকোর গ্রাহক ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ অংশ নেন। বিক্ষোভ সমাবেশে বক্তারা পার্বতীপুরে প্রিপেইড মিটার স্থাপনের কার্যক্রম বন্ধের দাবি জানান। দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে প্রিপেইড মিটার স্থাপনের উদ্যোগ প্রতিহত করার ঘোষণা দেন তারা।
প্রিপেইড মিটারবিরোধী পার্বতীপুর নাগরিক কমিটির আহ্বায়ক আবু তাহেরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটির সিনিয়র সহসভাপতি কমরেড শওকত মাহমুদ, রংপুর নাগরিক কমিটির সদস্য মাহফুজ রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, পার্বতীপুর উপজেলার বিভিন্ন এলাকায় গ্রাহকদের মতামত না নিয়েই প্রিপেইড মিটার স্থাপন করা হচ্ছে। এ ব্যবস্থায় মিটার রিচার্জ, ব্যালান্স, জরুরি ব্যালান্স, মিটারের ত্রুটি ও কারিগরি সমস্যাসহ বিভিন্ন কারণে গ্রাহকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।
বক্তারা বলেন, প্রিপেইড মিটার ব্যবস্থার কারণে বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির গ্রাহকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হচ্ছে। তাই জনভোগান্তি বিবেচনায় নিয়ে প্রিপেইড মিটার স্থাপনের কার্যক্রম বন্ধ করে আগের মিটার ব্যবস্থা চালু করতে হবে।
তারা আরও বলেন, দ্রুত দাবি বাস্তবায়ন না হলে প্রিপেইড মিটার অপসারণের দাবিতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
পরে বিক্ষোভকারীরা পৌর শহরের বিভিন্ন সড়কে গণমিছিল করেন।
মতামত