নওগাঁর মান্দায় যথাযথ কাগজপত্র ছাড়াই পুরোনো ইটভাটা ভেঙে নতুন করে ইটভাটা নির্মাণের অভিযোগে এক ভাটা মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ২টার দিকে উপজেলার কসব ভোলাগাড়ি এলাকায় পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে নির্মাণাধীন মেসার্স সালেহা ব্রিকস নামের ইটভাটায় অভিযান চালানো হয়। এ সময় যথাযথ কাগজপত্র গ্রহণ না করেই পুরোনো ইটভাটা ভেঙে নতুনভাবে ইটভাটা নির্মাণের কাজ শুরু করার বিষয়টি প্রমাণিত হওয়ায় ভাটা কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করা হয়। পরে মামলার মাধ্যমে ১ লাখ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।
এ ছাড়া প্রয়োজনীয় কাগজপত্র না পাওয়া পর্যন্ত ইটভাটার নির্মাণকাজ বন্ধ রাখার জন্য কর্তৃপক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। মোবাইল কোর্টে নিরাপত্তার দায়িত্বে ছিল ব্যাটালিয়ন আনসার, নওগাঁর একটি দল।
পরিবেশ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন জানান পরিবেশ সুরক্ষা ও অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মতামত