গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ২০২৬-২৭ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় অভ্যন্তরীণ জলাভূমি/ বর্ষাপ্লাবিত ধানক্ষেত/ প্রাতিষ্ঠানিক জলাশয়ে ২৫০ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্তকরণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পোনামাছ অবমুক্ত করেন ধর্ম প্রতিমন্ত্রী ও গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সাজাদুর রহমান সাজু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহিদুর রহমান রানক প্রমুখ।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, রাজস্ব বাজেটের এই কর্মসূচির আওতায় উপজেলার ৭টি জলাশয়ে মোট ২৫০ কেজি রুই, কাতলা ও মৃগেল জাতীয় পোনামাছ অবমুক্ত করা হয়েছে। এর মধ্যে মতিঝিল উপজেলা পরিষদ পুকুরে ৩০ কেজি, থানা চত্বর পুকুরে ৩০ কেজি, রাজাহার মধিয়ার গুচ্ছগ্রাম পুকুরে ৪০ কেজি, দরবস্ত নলডাঙ্গা আশ্রয়ন প্রকল্প পুকুরে ৩০ কেজি, তালুককানুপুর কমল নারায়ণপুর প্লাবনভূমিতে ৪০ কেজি, নাকাই আড়ালির বিল ৩০ এবং মহিমাগঞ্জ পুনতাইর নুরুলিয়ার বিলে ৫০ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়। উন্মুক্ত জলাশয়ে মাছের বংশবৃদ্ধি ও দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়।
মতামত