দিনাজপুরের পার্বতীপুরে পেট্রোবাংলার মালিকানাধীন প্রতিষ্ঠান মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের (এমজিএমসিএল) খনি এলাকা থেকে পানি নিষ্কাশনের জন্য নির্মিত উন্মুক্ত ড্রেনেজ চ্যানেল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। জনবসতি ও চলাচলের রাস্তার পাশ দিয়ে যাওয়া ড্রেনটির বিভিন্ন অংশে কংক্রিটের স্লাব বা ঢাকনা না থাকায় শিশু, পথচারী ও গৃহপালিত পশুর নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয়দের দাবি, ইতোমধ্যে ওই ড্রেনে পড়ে একটি ছাগলের বাচ্চা ও একটি গাভির বাছুরের মৃত্যু হয়েছে। তবে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, খনি এলাকার পানি ব্যবস্থাপনার অংশ হিসেবে নির্মিত ড্রেনেজ চ্যানেলটির মাধ্যমে পানি নিষ্কাশন করা হয়। পানি নিষ্কাশনের প্রয়োজনীয়তা নিয়ে তাদের কোনো আপত্তি নেই। তবে জনবসতিপূর্ণ এলাকার পাশ দিয়ে যাওয়া অংশ দীর্ঘ সময় খোলা থাকায় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।
সরেজমিনে দেখা যায়, জনবসতি ও চলাচলের পথের কাছাকাছি ড্রেনেজ চ্যানেলের কিছু অংশ খোলা রয়েছে। কয়েকটি স্থানে চ্যানেলটি বেশ গভীর। ফলে অসাবধানতাবশত কেউ পড়ে গেলে গুরুতর আহত হওয়ার আশঙ্কা রয়েছে। আশপাশে শিশুদের চলাচল ও খেলাধুলা থাকায় অভিভাবকদের মধ্যেও উদ্বেগ রয়েছে।
স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, “আমরা খনির কার্যক্রম বন্ধ করতে চাই না। জাতীয় সম্পদ উত্তোলনের পাশাপাশি পরিবেশসম্মতভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থাও চাই। কিন্তু বাড়িঘর ও চলাচলের রাস্তার পাশে ড্রেন খোলা থাকায় সন্তানদের নিরাপত্তা নিয়ে সব সময় চিন্তায় থাকতে হয়।”
তাদের দাবি, লোকালয়সংলগ্ন অংশে ড্রেনেজ চ্যানেলের ওপর কংক্রিটের স্লাব বা নিরাপদ ঢাকনা স্থাপন করা হলে দুর্ঘটনার ঝুঁকি কমবে। পাশাপাশি পানি নিষ্কাশনও স্বাভাবিক থাকবে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে উদ্বেগ থাকলেও ঝুঁকিপূর্ণ অংশগুলোতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়নি। বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই ড্রেনটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের (এমজিএমসিএল) জিএমের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, “অচিরেই এই সমস্যার সমাধান করা হবে।”
স্থানীয়দের প্রত্যাশা, জননিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে লোকালয়সংলগ্ন ড্রেনেজ চ্যানেলের ঝুঁকিপূর্ণ অংশে দ্রুত কংক্রিটের স্লাব বা নিরাপদ ঢাকনা স্থাপনের উদ্যোগ নেবে এমজিএমসিএল কর্তৃপক্ষ।
মতামত