নওগাঁ সদর উপজেলায় এসি মেরামতের কথা বলে দুই মেকানিককে ডেকে নিয়ে ছিনতাইয়ের ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন, ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল ও একটি চাকু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সম্রাট হোসেন (৩২)। তিনি নওগাঁ সদর উপজেলার মশরপুর গ্রামের মো. আবদুল হাকিমের ছেলে এবং মো. সাগর হোসেন (৩৪), তিনি বরুনকান্দি গ্রামের মো. আলতাব হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর বিকেল ৫টা ১০ মিনিটের দিকে এসি মেকানিক সালমান ও মাশরাফিকে এসি মেরামতের কথা বলে মোবাইল ফোনে শিবপুর বাইপাস এলাকায় ডেকে নেয় অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তি। পরে তাদের মোটরসাইকেলে তুলে বর্ষাইল চকআতিথা স্কুলের উত্তর পাশে নিয়ে যাওয়া হয়।
সেখানে চাকু দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তাদের শার্ট ও প্যান্টের পকেট তল্লাশি করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। একপর্যায়ে তাদের কাছে থাকা দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও এসি মেরামতের সরঞ্জাম ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা।
ঘটনার পর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় নওগাঁ সদর থানার একটি বিশেষ দল অভিযান শুরু করে। পরে অভিযান চালিয়ে সম্রাট হোসেন ও সাগর হোসেনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের হেফাজত থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন, ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও একটি চাকু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় জড়িত অপর এক পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মতামত