‘অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে’ এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুরে ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) উপজেলার খামারকান্দি ইউনিয়ন পরিষদে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
খামারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজেদুর রহমান মিলনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম, গ্রাম আদালত জেলা ম্যানেজার আহসান হাবীব নয়ন এবং বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্পের শেরপুর উপজেলা সমন্বয়কারী মো. মুশফিকুর রহমান। এছাড়াও ইউপি সদস্য হিলালুজ্জামান বাবু, নজরুল ইসলাম, হায়দার আলী, পলাশ মিয়া, সাদিক হাসান, রাবেয়া বেগম এবং হাবিবা আক্তার শিউলিসহ স্থানীয় এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ ও দেওয়ানি-ফৌজদারি বিরোধ দ্রুত ও স্বল্প খরচে নিষ্পত্তির ক্ষেত্রে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সাধারণ মানুষকে গ্রাম আদালতের কার্যক্রম, এখতিয়ার ও সেবা সম্পর্কে সচেতন করার পাশাপাশি ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও বলেন, গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তি হলে সাধারণ মানুষের সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি আদালতের ওপর মামলার চাপও কমানো সম্ভব। এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে ইউনিয়ন পরিষদ, জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।
মতামত