আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ৭নং তালুককানুপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান বিদ্যুৎ এর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের মধ্য সমসপাড়া (শিকশহর) এলাকায় এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আনিসুজ্জামান বিদ্যুৎ।
উঠান বৈঠকে তিনি এলাকাবাসীর সাথে সরাসরি মতবিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও ভোটারদের প্রত্যাশার কথা শোনেন। এ সময় এলাকার রাস্তাঘাট, সেতু-কালভার্ট, নাগরিক সুযোগ-সুবিধাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। স্থানীয়রা তাদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
আনিসুজ্জামান বিদ্যুৎ বলেন, ইউনিয়নের প্রত্যেকটি মানুষকে চেয়ারম্যানের দ্বারস্থ হতে হয়। কিন্তু সেই চেয়ারম্যান যদি হয় নিজের স্বার্থের জন্য, সেই চেয়ারম্যান যদি হয় অন্যায়কারী, সেই চেয়ারম্যান যদি হয় জুলুমকারী, সেই চেয়ারম্যান যদি হয় ক্যাসিনো মাষ্টার, সেই চেয়ারম্যান যদি হয় দুষ্কৃতকারী, সেই চেয়ারম্যান যদি হয় মাদক ব্যবসায়ী, সেই চেয়ারম্যান যদি হয় মাদক সেবনকারী। তাহলে ইউনিয়নের জনগণের জন্য কিছু করতে পারবে না। বরং ইউনিয়ন রসাতলে যাবে। ইউনিয়নে মাদক ব্যবসা বেড়ে যাবে, ইউনিয়নে ক্যাসিনো বেড়ে যাবে, ইউনিয়নে সন্ত্রাসী বেড়ে যাবে, ইউনিয়নে হ্যাকার বেড়ে যাবে, ইউনিয়নে বিভিন্ন দুষ্কৃতকারী সিন্ডিকেট বেড়ে যাবে। যদি আমরা বিএনপির পক্ষ থেকে একজনকে এই ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত করতে না পারি, তাহলে বিগত সময় আমাদের ইউনিয়নে যে দুরবস্থা ছিল, রাস্তাঘাট, ব্রীজ-কালভার্ট, মসজিদ, মাদ্রাসা, মন্দির, এতিমখানা যেভাবে অনুন্নত অবস্থায় রয়েছে। বিএনপি থেকে আমরা যদি চেয়ারম্যান নির্বাচিত করতে না পারি, তাহলে অনুন্নত ইউনিয়ন পরিষদ অনুন্নতই থেকে যাবে।
তিনি আরও বলেন, এই ইউনিয়নের অবহেলিত, ভুখা-নাঙ্গা, দরিদ্র মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমি দীর্ঘ সময় থেকে আপনাদের সুখে দুঃখে, দুর্দশায়, ঝড় বৃষ্টি উপেক্ষা করে আপনারা যেখানে যেভাবে ডেকেছেন, আমি আপনাদের ডাকে সাড়া দিয়ে সমস্ত দুর্যোগকে মোকাবেলা করার চেষ্টা করেছি। এবার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করব। আপনারা যোগ্য ব্যক্তি দেখে ভোট দিবেন৷ আপনারা অযোগ্য ব্যক্তিকে ভোট দিবেন না। যদি ভোট দেন তাহলে ৫ বছর এর ফল ভোগ করতে হবে। আমি যদি চেয়ারম্যান না হই, তাহলে আমার একার ক্ষতি হবে। আর যদি আপনারা সঠিক প্রার্থীকে নির্বাচিত করতে না পারেন, বঞ্চিত হন। তাহলে আপনাদের ৫টা বছর কষ্ট পোহাতে হবে।
আব্দুর রহিম প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আব্দুল মজিদ, হাবিজার মেম্বার, বাদশা, বাবু মিয়া, আনোয়ার, আছান মিয়া, আইয়ুব, আজগর, আমিরুল মিস্ত্রি, শহিদুল, আব্দুল আজিজ, খাজা মিয়া প্রমুখ।
উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সমর্থক ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মতামত